ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষে নিহতদের স্মরণে আজ শুক্রবার দোয়া মাহফিল ডেকেছিল সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। তবে প্রশাসনের নিষেধাজ্ঞায় এই দোয়া মাহফিল স্থগিত করে সংগঠনটি। বৃহস্পতিবার রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘প্রশাসনের সঙ্গে আলোচনার পর তারা আমাদের শুক্রবারের দোয়া মাহফিলের মৌখিক অনুমতি দেন। আমরা সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে এর প্রস্তুতিও নেই। কিন্তু বৃহস্পতিবার বিকালে আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অনুমতি চাইলে তিনি আমাদের অনুমতি দেননি। উল্টো শুক্রবার ভোলায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাতে আমাদের কাছে একটি চিঠি পাঠানো হয়। এমতাবস্থায় আমরা আমাদের দোয়া মাহফিল স্থগিত করেছি। পরবর্তীতে আমরা আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।’
লিখিত নিষেধাজ্ঞায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক উল্লেখ করেন, গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনের উদ্ভূত পরিস্থিতির কারণে ভোলা জেলার আইনশৃঙ্খলার স্বার্থে আপাতত সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। এ কারণে আগামীকাল ২৫ অক্টোবর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের আয়োজনের অনুমতির বিষয়টি নামঞ্জুর করা হলো।
ভোলার বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম জানান, প্রশাসনের নির্দেশে তারা শুক্রবার ভোর থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। পরবর্তী নির্দেশ পাওয়ার পর ফের বাস চলাচল শুরু হবে।
উল্লেখ্য, বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ নামে এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে মহানবিকে (সা.) নিয়ে কথিত কটূক্তির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত রবিবার (২০ অক্টোবর) বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক আহত হন। ওই এলাকার হিন্দুদের বাড়িঘর ও মন্দিরেও হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন...
বোরহানউদ্দিনে সহিংসতা: দুই মামলায় সেই বিপ্লবসহ ৫ জন রিমান্ডে
‘তুলসি গাছ আর ঠাকুরের ছবি দেখে দেখে হামলা করেছিল ওরা’
পুলিশি টহলেও থমথমে বোরহানউদ্দিন
যেভাবে বোরহানউদ্দিনে হামলা-সংঘর্ষ
বিপ্লবের আইডি হ্যাক হয়েছিল: পুলিশ সুপার
বোরহানউদ্দিনে সংঘর্ষ: পাঁচ হাজার জনকে আসামি করে মামলা
ভোলার ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়: প্রধানমন্ত্রী
ভোলার ঘটনায় পুলিশ সদর দফতরের ব্যাখ্যা: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন