দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১১ আগস্ট (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরানি বাহিনীতে শীর্ষ কমান্ডার পদে যাদের নিয়োগ দিলেন মোজতবা খামেনি; দুই মেয়েকে পাঁচ তারকা হোটেলে নিয়ে হত্যা করলেন বাবা; ১৫ আগস্ট আবার আন্দোলনে নামছে ককরোচ পার্টি, এবার দাবি কী?; যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড; ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান; বাংলাদেশকে ২০ কোচের ট্রেন দিতে প্রস্তুত ভারত- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

চলমান যুদ্ধের মধ্যে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যুর পর ইরানের সশস্ত্র বাহিনী, ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং বাসিজ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দেশের যুদ্ধকালীন নেতৃত্ব কাঠামো আনুষ্ঠানিকভাবে সুসংগঠিত করতে ৬ জন শীর্ষ কমান্ডার নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

দুই মেয়ে সন্তানকে পাঁচ তারকা হোটেলে নিয়ে হত্যা করেছেন এক বাবা। দুই সন্তানকে হত্যার পর নিজেও প্রাণ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলে এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪০ বছর বয়সী এস জি ইমরানকে গলার নালী কাটা অবস্থায় পাঁচ তারকা হোটেলের রুমের শৌচাগারে রক্তে ভেজা মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তার ১০ বছর ও ৫ বছর বয়সী দুই কন্যাসন্তানের দেহ মাত্র কয়েক মিটার দূরে বিছানার ওপর পাওয়া যায়।

 

গ্রামীণ শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের অবহেলা ও বেহাল দশা দূর করতে ভারতজুড়ে এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সরপঞ্চ চ্যালেঞ্জ’ নামের এই কর্মসূচি শুরু হবে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

 

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দেশটির গৃহযুদ্ধের সময় সংঘটিত এসব অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

 

ইরানের ভূগর্ভস্থ ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভালো করে বোঝার জন্য অতীতে বহুবার এটি পরিদর্শনের কথা প্রকাশ স্বীকার করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। সাফেদে আয়োজিত গ্যালিলি ফোরাম-এ কোহেন বলেন, আমরা স্থাপনাটি বোঝার জন্য বহুবার ফোরদো পারমাণবিক কেন্দ্রটি পরিদর্শন করেছি।

 

বাংলাদেশ রেলওয়ের জন্য লিংকে হফম্যান বুশ (এলএইচবি) প্রযুক্তির ২০ কোচের প্রথম ট্রেনসেট (রেক) সরবরাহ করতে প্রস্তুত ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। ২০২৪ সালে রাইটস-এর মাধ্যমে দেওয়া সাতটি ভিন্ন ধরনের ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ অর্ডারের অংশ হিসেবে এগুলো তৈরি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।