নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
রংপুরসহ বিভাগের আট জেলার বিভিন্ন বাজারে পদ্মার ইলিশের নামে বেশি দামে অন্য স্থানের মাছ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের একটি চক্র চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকার ইলিশকে চাঁদপুর, পদ্মা, বরিশাল ও পিরোজপুরের ইলিশ বলে বেশি দামে বিক্রি করে ক্রেতাদের প্রতারিত করছে। বিশেষ ধরনের বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে মাছকে উজ্জ্বল ও সতেজ দেখিয়েও ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদেরই একাংশের।
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি পরিবহনে আকাশসীমা ব্যবহার করতে অস্বীকৃতি জানানোর বিষয়টিকে ‘যান্ত্রিক সমস্যা’ বা ‘কারিগরি ও প্রক্রিয়াগত’ বিষয় হিসেবে অভিহিত করেছে পাকিস্তান।
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি
নাটোরে সোনালী ব্যাংকের গ্রাহকদের ১ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগ ঠেকাতে সব বিমানবন্দর ও স্থলবন্দরে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
কাতারের এলএনজি বন্ধ আরও ২ মাস, আমদানি ব্যয় বৃদ্ধির শঙ্কা
কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ বন্ধ থাকার সময় আরও বাড়লো। দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি কাতারএনার্জি সেপ্টেম্বর পর্যন্ত ঘোষিত ‘ফোর্স মেজর’-এর মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এতে বাংলাদেশের গ্যাসের চাহিদা মেটাতে বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির একটি বড় অংশ স্পট মার্কেট থেকে আনতে হবে। তুলনামূলক বেশি দামের স্পট মার্কেট থেকে অতিরিক্ত এলএনজি কিনতে হলে আমদানি ব্যয়ের ওপরও চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্র সফরে কী পেলো বাংলাদেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ছিল চার দিনের। স্বল্প সময়ের এই সফরে জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দেওয়া, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক, ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতার সমঝোতাসহ বিভিন্ন কারণে সফরটি আলোচনায় এসেছে।