তৃতীয় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, নতুন টার্মিনালের সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ সক্ষমতা বেশি হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং দীর্ঘ মেয়াদে ব্যয় সাশ্রয় হবে। তবে এ প্রকল্পে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছে বিরোধী দল।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত এফএসআরইউটির এলএনজি সংরক্ষণক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার। বর্তমানে চালু দুটি টার্মিনালের প্রতিটির সংরক্ষণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। অর্থাৎ নতুন টার্মিনালের সংরক্ষণক্ষমতা প্রায় ২৬ শতাংশ বেশি। বেশি মূলধনি বিনিয়োগের প্রয়োজন হওয়ায় এর দৈনিক ক্যাপাসিটি চার্জও বেশি হবে।
এর আগে বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন প্রকল্পটির ব্যয়, ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া ও মালিকানা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, প্রকল্পের জন্য নির্বাচিত চীনা কোম্পানি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার ক্যাপাসিটি চার্জ নেবে। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের একটির দৈনিক চার্জ ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার ডলার।
আখতার হোসেনের দাবি, তুলনীয় ব্যবস্থার চেয়ে প্রস্তাবিত প্রকল্পে প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি ব্যয় হবে। এ ছাড়া ১৫ বছরের চুক্তির মেয়াদ শেষে টার্মিনাল ও সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের ক্ষেত্রে এমন ব্যবস্থা রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এর আগে একজন সংসদ সদস্যের নাতির মালিকানাধীন একটি কোম্পানি একই ধরনের প্রস্তাব দিয়েছিল। তবে সর্বশেষ প্রকল্প অনুমোদনের আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
প্রকল্পটি বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় সরকার ব্যবস্থা নেবে কি না, তা জানতে চান আখতার হোসেন। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি কোনো উত্তর না দিয়ে এ বিষয়ে আলাদা নোটিশ দিয়ে প্রশ্ন করার পরামর্শ দেন।
সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচিত জাহাজটি ২০১৬ সালে নির্মিত। অন্যদিকে বর্তমানে চালু দুটি এফএসআরইউ নির্মিত হয়েছিল ২০০৫ ও ২০০৬ সালে। সরকার ২০০৮ সালে নির্মিত একটি জাহাজ কেনার বিষয়টিও বিবেচনা করেছিল। তবে গত আগস্টে এফএসআরইউতে ত্রুটির কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি এড়াতে তুলনামূলক নতুন জাহাজটি বেছে নেওয়া হয়েছে। ওই ত্রুটির কারণে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছিল।
তিনি বলেন, নতুন টার্মিনালে চারটি পুনঃগ্যাসীকরণ ইউনিট থাকবে। এগুলোর মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। তবে একটি ইউনিট স্ট্যান্ডবাই রাখা হবে। এ টার্মিনাল থেকে প্রতিদিন ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।
প্রতিমন্ত্রী জানান, বড় জাহাজটিতে মস-টাইপ ও মেমব্রেন-টাইপ—উভয় ধরনের এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারবে। পাশাপাশি বেশি পরিমাণ এলএনজি বহনকারী বড় জাহাজও এ টার্মিনালে আসতে পারবে, যা বিদ্যমান টার্মিনাল দুটিতে সম্ভব নয়।
তিনি বলেন, বেশি পরিমাণে এলএনজি কেনা গেলে প্রতি ইউনিটে ৫ থেকে ১০ মার্কিন সেন্ট সাশ্রয় হতে পারে। এতে প্রতিটি কার্গোতে সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় সম্ভব। বছরে ৫০টি কার্গো এবং প্রস্তাবিত ২০ বছরের মেয়াদ বিবেচনায় এ সাশ্রয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২ হাজার ৩০০ কোটি টাকা।
বড় সংরক্ষণক্ষমতার কারণে এলএনজিবাহী জাহাজ আসার সংখ্যা ও ঘনত্ব কমবে। এতে জাহাজের সময়সূচি ব্যবস্থাপনা সহজ হবে এবং সমুদ্র উপকূলে অপেক্ষমাণ জাহাজের কারণে অতিরিক্ত চার্জের পরিমাণও কমবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান দুটি টার্মিনালে বছরে প্রায় ১১৫টি এলএনজি কার্গো গ্রহণ করা সম্ভব। সাধারণত প্রতি তিন থেকে চার দিন পরপর একটি জাহাজ আসে।
নতুন টার্মিনাল জরুরি পরিস্থিতিতে গ্যাস মজুতের সক্ষমতা বাড়াবে এবং সরবরাহ বিঘ্নিত হলে জাতীয় গ্যাস গ্রিডে চাপ বজায় রাখতে সহায়তা করবে। গ্যাসের চাপ সাময়িকভাবে কমে গেলে তা স্বাভাবিক করতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এতে বিশেষ করে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যাহত হয় বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে কুতুবদিয়া-মহেশখালী এলাকায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।