ভাষার মাস উপলক্ষে সিলেট নগরে বানান শুদ্ধি অভিযান চালাচ্ছে সিলেটের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া। নগরের মুদি দোকানের সাইনবোর্ড থেকে শুরু করে বিলবোর্ড, সাইনবোর্ড, সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস, কারখানার ভুল বানানগুলো শুদ্ধ করে দিচ্ছে তারা। একইসঙ্গে পরবর্তীতে একই ভুল কেউ যাতে না করে সে ব্যাপারেও সচেতনতা তৈরি করেছে দলটি। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একদল তরুণ রঙতুলি হাতে এ অভিযান চালাচ্ছে।
শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নগরের রিকাবিবাজার থেকে লামাবাজার হয়ে কাজিরবাজার পর্যন্ত এ অভিযান চালায় কাকতাড়ুয়ার সদস্যরা।
জানা যায়, ২০১৪ সালের একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি শেষে কাকতাড়ুয়ার ২০ জন তরুণ-তরুণী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বানান শুদ্ধির যাত্রা শুরু করে। প্রায় প্রতিমাসেই কাকতাড়ুয়ারা সিলেট নগরের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এখন পর্যন্ত সিলেট নগরের যে সব রাস্তায় বাংলা বানান শুদ্ধি অভিযান হয়েছে সেগুলো হলো: টিলাগড় পয়েন্ট থেকে শিবগঞ্জ পয়েন্ট, উপশহরের বিভিন্ন ব্লক ঘুরে সোবহানীঘাট, বালুচর পয়েন্ট থেকে আরামবাগ, টিবি গেইট, শাহী ইদগাহ, সাপ্লাই দিয়ে আম্বরখানা পয়েন্ট; টিবি গেইট, শাহী ইদগাহ, কাজিটুলা, উঁচাসড়ক থেকে চৌহাট্টা অভিমুখে; আম্বরখানা পয়েন্ট থেকে দরগারোড, চৌহাট্টা দিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার এবং সুবিদবাজার থেকে পাঠানটুলা।
জানা গেছে, কাকতাড়ুয়া এখন পর্যন্ত নগরের ২০২টি প্রতিষ্ঠানে বানান শুদ্ধ করতে সক্ষম হয়েছে।
কাকতাড়ুয়া দলের সমন্বয়ক ফয়সাল খলিলুর রহমান জানান, ভাষার মাসে নগরের একাধিক এলাকায় কাকতাড়ুয়ার বানান শুদ্ধি অভিযান চলবে। প্রথমে অনেকেই এ কাজ দেখে হাসাহাসি করলেও এখনও ভুল বানান শুদ্ধ করে নিতে আমাদেরকে দেখে ডাকাডাকি করেন ব্যবসায়ীরা। আমাদের দলে যারা কাজ করেন তারা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারিশ্রমিক ছাড়াই তারা দেশ ও বাংলা ভাষাকে ভালোবেসে এ কাজ করেন। তিনি আরও জানান, শুধু সাইনবোর্ডের ভুলই নয়, দলীয় দেয়াল লিখন ও ব্যানারের ভুল-ত্রুটিও ঠিক করে দিচ্ছেন তারা।
এ ব্যাপারে সিলেটের বালুচর পয়েন্টের আরিফুল হক নামের একজন ব্যবসায়ী জানান, আমরা বাংলা ভাষা জানলেও বেশিরভাগ মানুষই শুদ্ধ বানানটা জানি না। এজন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে অনেক বানান ভুল থাকে। যারা এসব সাইনবোর্ড লেখে তারাও ভুল করে ফেলে। কাকতাড়ুয়া দলের কর্মীরা এসব ভুল বানান ঠিক করে দিচ্ছে। তাদের কাজকে আমরা সমর্থন দিচ্ছি।







