দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবন ঢুকে তার ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে থানায় নিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়ার পর তাদের বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঘোড়াঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আর কিছু জানাতে রাজি হননি তিনি।
ধারণা করা হচ্ছে, ইউএনওর সরকারি বাসভবনের কর্মচারী এরা। এদের একজন ইউএনও’র আহত নিরাপত্তা প্রহরী হতে পারেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাজিম হোসেন পলাশ নামে একজন নৈশ প্রহরীর কথাও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢোকা দুষ্কৃতকারীদের হাতুড়িপেটায় আহত ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার সঙ্গে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন একজন নিরাপত্তা প্রহরী। হাপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে তার সঙ্গে গোয়েন্দারা কথা বলেন। বিকালে ঘোড়াঘাটে এসে ঘটনাস্থল দেখার পর রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এটা স্বাভাবিক। তদন্তের জন্য আমরা বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করবো। প্রয়োজনের খাতিরে সাক্ষী বা আসামি হিসেবে জিজ্ঞাসাবাদ করবো। তবে এটা মনে হয় এখনও বলার সময় আসেনি। আর এ ধরনের প্রশ্ন এখন তদন্তের স্বার্থে না করাই ভালো।
এদিকে এ ঘটনায় ৪ থেকে ৫ জন অজ্ঞাত দুষ্কৃতকারীকে আসামি করে ঘোড়াঘাট থানায় মামলা করেছেন গুরুতর আহত ইউএনওর ভাই মো. শেখ ফরিদ উদ্দিন। এছাড়াও এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার। অন্যদিকে, গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার পর তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এরইমধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে তার প্রথম অস্ত্রোপচার শেষ হয়েছে। তবে শরীরের ডানদিকে সাড়া পাচ্ছেন না ওয়াহিদা। তার অবস্থা এখনও সংকটাপন্ন।
আরও পড়ুন:
ইউএনও ওয়াহিদার সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রথম অস্ত্রোপচার শেষ হয়েছে ওয়াহিদার
ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে ওয়াহিদার
ইউএনও’র ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
ওয়াহিদার চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী
ইউএনও’র ওপরে হামলার ঘটনায় মামলা
ইউএনও ও তার বাবাকে পিটিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা
ইউএনও’র ওপর হামলার ঘটনায় পুলিশের সব তদন্ত ইউনিট মাঠে: ডিআইজি দেবদাস ভট্টাচার্য
ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন, বিদেশে নেওয়ার পরিস্থিতিও নেই
ইউএনও’র ওপর হামলায় অংশ নেয় পিপিই পরা দুই ব্যক্তি
ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ
এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার








