প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, প্রধান তথ্য কর্মকর্তা, এফবিসিসিআইয়ের পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালকসহ নানা পরিচয়ে প্রতারণার দায়ে শরিফ উদ্দিন আকাশ (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ নূরে আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার শরিফ উদ্দিন আকাশ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তার কাছ থেকে বিভিন্ন দফতরের চারটি পরিচয়পত্র (আইডি কার্ড), প্রধানমন্ত্রীর সিল, একটি প্রাইভেটকার, এক জোড়া হ্যান্ডকাফ, একটি বেসরকারি টেলিভিশনের স্টিকার ও ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি টঙ্গীর স্টেশন রোড এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। রবিবার দিবাগত গভীর রাতে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উপ-কমিশনার মোহাম্মদ নূরে আলম জানান, শরিফ উদ্দিন আকাশ দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারীসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং সরকারি দলের কার্যনির্বাহী কমিটির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করে আসছিলেন। তিনি এসব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার বা বদলির কথা বলে টাকা দাবি করতেন। কেউ তার কথামতো টাকা দিতে অস্বীকার করলে ভয়ভীতি দেখাতেন। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শরিফ এডিট করে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের ছবির সঙ্গে বসিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতারণা করে আসছিল। তার এ চক্রে পাঁচ-ছয় জন মেয়েসহ বেশ কয়েকজন সদস্য রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফ উদ্দিন আকাশ অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, প্রতারণা, মাদকসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে অপর একটি মামলা রয়েছে। ওই মামলায় গত বছরের ১২ আগস্ট তাকে গ্রেফতার করা হয়েছিল।









