সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে জেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।
মারা যাওয়া শিশু দিব্য সিলেটের ফেঞ্চুগঞ্জের শাইলকান্দির বাসিন্দা বিশ্বজিতের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি জানান, শিশুটি জ্বর নিয়ে ৫ তারিখে ওসমানীতে ভর্তি হয়েছিল। পরে তার নিউমোনিয়া হয়। ওসমানী হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর এ সময়ে নতুন করে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন। এ নিয়ে সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা রোগী রয়েছে ১১৬ জন।
এর আগে সোমবার হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে বুধবার রাতে পাঁচ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয় একই হাসপাতালে।









