চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সাত সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, কুড়াল ও ছুরিসহ চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ইব্রাহিম ইদ্রিছ ওরফে ইদ্রিস (৩০), আজম উদ্দিন (২১), সাজ্জাদ হোসেন (২৬), রাকিব (২২), হারুন (৩১), মোমিন হোসেন ওরফে বাচ্ছু (৩৫) ও রাসেল (২৮)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) চান্দগাঁও থানার পশ্চিম ফরিদার পাড়া বালুরমাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে একটি রামদা, একটি স্টিলের পাইপ, একটি কুড়াল, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ইব্রাহিম ওরফে ইদ্রিসের বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া পাঁচলাইশ মডেল থানায় ২০২০ সালে অস্ত্র ও দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা রয়েছে।
অপরদিকে গ্রেফতার ইদ্রিসের বিরুদ্ধে ২০২৫ সালের ২২ জুলাই চান্দগাঁও থানায় অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়। একই বছরের আগস্ট, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরেও তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার রাকিবের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ মডেল থানায় এবং ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় পৃথক মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার সাত জনই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।









