কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, আনিকও ধরা

কুমিল্লা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর চার সক্রিয় সদস্য রয়েছেন। তাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) রয়েছেন, যাকে পুলিশ গ্রুপটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে উল্লেখ করেছে।

১৮ থানায় একযোগে অভিযান

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং উঠতি বয়সী বখাটেদের আড্ডার স্থানগুলো চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। নগরসহ জেলার বিভিন্ন থানার আওতাধীন এসব এলাকায় শনিবার রাতে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, নিয়মিত কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটক ২৫৪ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে।

নগরে আটক ৩৭, রতন গ্রুপের চার সদস্য

শনিবার রাতে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। পুলিশ বলছে, তাদের মধ্যে চারজন কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি জড়িত এবং চারজনই রতন গ্রুপের সক্রিয় সদস্য।

আটক ব্যক্তিদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিকও রয়েছেন। তিনি নগরের ছোটরা মফিজাবাদ কলোনির বাসিন্দা এবং আবুল কাশের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, আনিক রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতনের ভাগনে। রতন আত্মগোপনে থাকায় বর্তমানে আনিকই গ্রুপটির কার্যক্রম পরিচালনা করছেন বলে দাবি পুলিশের।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, কিশোর গ্যাংয়ের আড্ডা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে—এমন এলাকাগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়। আটক চারজনকে রতন গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, আনিক বর্তমানে ‘আর স্কোয়াড’-এর দ্বিতীয় প্রধান হিসেবে গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।

হত্যা মামলায় আসামি ছিলেন আনিক

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে সংঘটিত একটি হত্যা মামলায় আনিক এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও গ্যাংয়ের নেতৃত্বের সঙ্গে যুক্ত হন বলে জানিয়েছে পুলিশ।

শনিবারের অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের প্রত্যেকের নাম-পরিচয় ও আগের অপরাধের তথ্য যাচাই করছে পুলিশ। যাচাই শেষে অভিযোগের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা-পুলিশ।

আগের অভিযানে আটক ৬২৪

এর আগে গত বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একই ধরনের অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।

অপ্রতিম হত্যার পর আলোচনায় কিশোর গ্যাং

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দীর্ঘদিনের। তবে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য একজনকে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আলোচনায় রতন গ্রুপ

কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাংগুলোর মধ্যে ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’ অন্যতম বলে পুলিশ ও স্থানীয় সূত্রে উঠে এসেছে। ২০১৫ সালের দিকে কুমিল্লা নগরে কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বিভিন্ন সময়ে এই গ্রুপটির নামও সামনে এসেছে।

/আইএএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং তৈরি হলো কীভাবে, দায় কি শুধু কিশোরের?
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
সর্বশেষ খবর
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
কত বয়স পর্যন্ত বাড়ে শিশুর উচ্চতা, দেরি হলে কী করবেন
কত বয়স পর্যন্ত বাড়ে শিশুর উচ্চতা, দেরি হলে কী করবেন
৫ গোলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হারলো বাংলাদেশের মেয়েরা
৫ গোলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হারলো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র