হাঁটতে পারছে না সঙ্গী, তবু ছেড়ে যায়নি আরেক হাতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
১৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৯

পেছনের ডান পায়ে গভীর ক্ষত। ক্ষতস্থান থেকে বের হচ্ছে পুঁজ, উঠে গেছে ওপরের চামড়া। যন্ত্রণায় ঠিকমতো পা ফেলতেও পারছে না। ধীরে ধীরে এগোচ্ছে আহত হাতিটি। কিন্তু এমন দুর্দিনেও তাকে একা ছেড়ে যায়নি তার সঙ্গী। কখনও পাশাপাশি হাঁটছে, কখনও চলার সময় সহযোগিতা করছে। 

অসুস্থ সঙ্গীকে আগলে রেখে এভাবেই গত তিন দিন ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে আরেকটি হাতি। বন্য প্রাণীর এমন ব্যতিক্রমী মমতার দৃশ্য দেখে একদিকে আবেগাপ্লুত স্থানীয়রা, অন্যদিকে আহত হাতিটির জীবন নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। দ্রুত আহত হাতিটির চিকিৎসা করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত কয়েক তিন দিন ধরে দেখা যাচ্ছে হাতি দুটিকে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে সঙ্গীসহ আহত হাতিটিকে আবারও লোকালয়ে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, আহত হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে যাওয়ায় জায়গাটি সাদা হয়ে গেছে। গুরুতর আঘাতের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। প্রতিটি পা ফেলতেই যেন ফুটে উঠছে তার শারীরিক যন্ত্রণা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের কারও গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী কারণে হাতিটিকে আঘাত করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফলে আহত অবস্থায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে রয়েছে তার সঙ্গী হাতিটিও।

স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবীর বলেন, আহত হাতিটির সঙ্গে থাকা সুস্থ হাতিটি তাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না। চলার সময় বারবার পাশে থেকে সহযোগিতা করছে। আহত হাতিটি কষ্ট করে এগিয়ে গেলে সঙ্গী হাতিটিও তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। দুটি হাতির এমন দৃশ্য দেখে আমাদের মধ্যে মায়া ও সহানুভূতি তৈরি হয়েছে।

তিনি বলেন, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে ক্ষত আরও গুরুতর হতে পারে। এমনকি সংক্রমণ ছড়িয়ে হাতিটির জীবনও ঝুঁকিতে পড়তে পারে। তাই বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বন্য প্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমরা।

এ বিষয়ে টেকনাফের বাহারছড়ার শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি আমরা। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। তবে আশ্চর্যের বিষয় তিন দিনেও অসুস্থ হাতিটিকে ছেড়ে যায়নি তার সঙ্গী। তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। দেখে যে কারও মনে হবে যেন পাহারা দিয়ে রাখছে।’ 

টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘লোকালয়ে দুটি হাতি দেখা গেছে। একটির পায়ে জখম দেখেছি আমরা। অপর হাতিটি আহত হাতির সঙ্গে আছে তিন দিন ধরে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি, যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে উঠুবে হাতিটি। আবারও স্বাভাবিকভাবে হাঁটুক, আর সঙ্গীকে নিয়ে ফিরে যাক তার চেনা বুনো পরিবেশে। আমরা সেটাই চাচ্ছি।’

 

/এএম/ 
সম্পর্কিত
খাবারের সন্ধানে লোকালয়ে এসে কাদামাটির গর্তে ৩ ঘণ্টা আটকা দুটি হাতি
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
অসুস্থতা থেকে রক্ষা পেতে ঔষধি গাছ ব্যবহার করে হাতি
সর্বশেষ খবর
নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার
নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার
পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির
পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির
হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ
হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ
তিন হাজারেরও বেশি অচল প্রকল্পে আটকে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাড়ে ৩৮ হাজার কোটি টাকা
তিন হাজারেরও বেশি অচল প্রকল্পে আটকে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাড়ে ৩৮ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল