সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোডাউন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৭:২০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৭:২০

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রসৈকতে মোটরসাইকেলসহ সব ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ আছে। তবে সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতের বালুচরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ‘টেকনাফ উপজেলা ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে সৈকতে মোটরসাইকেল নিয়ে তাদের চলাচলের দৃশ্য দেখা যায়।

ভিডিওতে সাতটি মোটরসাইকেলে উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের নেতা মালেক হোসেন নোবেলসহ সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যান। এ সময় তারা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতের বালুচরে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি ও মহড়া দেন। পরে সৈকতে মোটরসাইকেল চলাচলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি স্বীকার করে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, ‘সৈকত দিয়ে এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়েছিলাম। এটি আমাদের কোনও বাইক শোডাউন নয়। এখানে বেশি বাইক ছিল না, চার-পাঁচটি বাইক মাত্র। সৈকতে বাইক চলাচল নিষিদ্ধ, সে বিষয়ে আমি অবগত ছিলাম। তবে এখানে আরও অনেককে বাইক নিয়ে ঘুরতে দেখেছি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। এসব বন্ধে অভিযান কার্যক্রম চলমান থাকবে।’

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘সেন্টমার্টিনের সৈকতে যেকোনও ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে সেন্ট ক্যাসেল রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই দিন সৈকতের বালুচরে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ডা. মিলনের সমাধি ও স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ছাত্রদলের মিছিল দেখে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো 
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
সর্বশেষ খবর
২০২৭ সালে ঘুরে আসতে পারেন বিশ্বের যে ২০ জায়গায়
২০২৭ সালে ঘুরে আসতে পারেন বিশ্বের যে ২০ জায়গায়
নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩
নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩
স্কলাসটিকার ধানমন্ডি শাখায় গীতিনাট্য ‘তুষার কন্যা’ মঞ্চস্থ
স্কলাসটিকার ধানমন্ডি শাখায় গীতিনাট্য ‘তুষার কন্যা’ মঞ্চস্থ
জুমার পর নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ২০ জন আটক
জুমার পর নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ২০ জন আটক
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন