গাজীপুরে শ্রীপুরের এক বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থী ও তার বাবার মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের সোহেল রানা (৩৫) ও তার ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র মারুফ (৯)। গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমান জানান, শ্রীপুর উপজেলার গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা রবিবার দুপুরে স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল। খেলার সময় তাদের বল ওই স্কুলের চালে গিয়ে পড়ে। বল কুড়িয়ে আনতে গিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র মারুফ চালের উপর উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই সে পড়ে থাকে। খবর পেয়ে ছেলেকে উদ্ধার করতে বাবা সোহেল রানা চালের উপর উঠলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার ওই বিদ্যালয়ের টিনের সঙ্গে লেগে থাকায় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় পার্শ্ববর্তী সাইফুল মিয়ার রাইস মিল থেকে বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগের কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্কুলের অভিভাবকরা।
/এমও/







