গোপালগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর পূর্ণাঙ্গ পৌর কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বড়বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। কমিটিতে ৫২ জনকে পদ ও ৪৯ জনকে সদস্য করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিবুর রহমান হাসিবকে সভাপতি ও মো. কবিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব বলেন, ‘আওয়ামী লীগ শাসনামলের দীর্ঘ ১৭ বছর গোপালগঞ্জে বিএনপির কোনও রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারিনি। এবার পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি আদর্শের রাজনীতি করবে, সাধারণ মানুষের পাশে থাকবে।’
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এরপর ধারাবাহিকভাবে সব অঙ্গ সংগঠনের কমিটি গঠন করা হবে। বিএনপি গণমানুষের দল, বিএনপি সব সময় মানুষের পাশে থাকবে।’









