ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঐতিহ্যবাহী এ ঈদগাহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।
তিনি বলেন, “প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ এ ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।”
শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জন্য এ বছর পাঁচ স্তরের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, ঐতিহ্যবাহী এ ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি। ঈদের দিন ঈদগাহে আসার প্রতিটি রাস্তায় থাকবে তল্লাশিচৌকি। মোতায়েন থাকবে বিপুলসংখ্যক র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার। সাদাপোশাকে দায়িত্ব পালন করবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। সব মিলিয়ে প্রায় দেড় হাজারের ওপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত থাকবেন শোলাকিয়ায়।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নজরদারির জন্য মাঠে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার। এছাড়া ঈদের জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাযুক্ত শক্তিশালী চারটি ড্রোন মুসল্লিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে।
ঈদ জামাতে আগত মুসল্লিরা নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য পথ ব্যবহার করতে পারবে না। এমনকি, কোনও প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনও কিছু বহন না করার জন্য নিষেধ করা হয়েছে।








