ফরিদপুরের ভাঙায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নুর শেখ কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন। বৃহস্পতিবার দুপুরে তিনি মোটরসাইকেলে নয়াকান্দা গ্রামে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে বিকালে বাড়ি ফেরার পথে তারাইল এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির হোসেন বলেন, অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুর শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









