ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে পড়ে প্রাণ হারিয়েছেন খালিদ হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় রবিউল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।
নিহত খালিদ হোসেন ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গাজীপুর ফিরছিলেন খালিদ। পথে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী রবিউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ঘটনাটি জেনে পরিবারের সঙ্গে কথা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। লাশ দাফন হয়েছে।









