রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাস আগুনে পুড়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির অনেকাংশে পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, বাসটির নাম নিউ ক্লাসিক্যাল। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব-১৪-৯১২৪। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন। দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে বাসটি চলাচল করে।
বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া টার্মিনালে দাঁড়িয়ে থাকা লোকাল বাসটি থেকে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কিভাবে আগুন ধরেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, টার্মিনালের পাশেই পুলিশ ডিউটিরত অবস্থায় ছিলো। আগুনের ঘটনা দেখে দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে। তবে বাসটিতে কেউ ছিল না। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।









