কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪

সাভার (ঢাকা) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৮

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ দুজনকে ইতিমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রীতি গ্রুপের কারখানার পাশের চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত বয়লার, নাকি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানার চত্বরে বিকট শব্দে একাধিক বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আগুন ছড়িয়ে পড়ে। কারখানার চত্বরে থাকা গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান ও কয়েকটি লরিতে আগুন লাগে। তবে কারখানার মূল ভবনে আগুন ছড়ায়নি।

নিহত জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রনি বলেন, ‘বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে ও আগুনে বেশ কয়েকজন আহত হন। আমি নিজে দুজন দগ্ধ ও গুরুতর আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া কারখানার পাশে রাস্তায় থাকা রিকশাচালকসহ অন্তত পাঁচ জন আহত হন। বিস্ফোরণে বয়লার বা পাইপের লোহার খণ্ড উড়ে গিয়ে পাশের বাড়িঘর ও রাস্তায় পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।’

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, ‘বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৪ জন দগ্ধ এবং আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রীতি গ্রুপের এফঅ্যান্ডএফ কারখানার অ্যাডমিন-ম্যানেজার হেমায়েত উদ্দিন বলেন, ‘কারখানার সীমানা ঘেরা প্রাচীরের পাশে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে কারখানার ভেতরে কোনও শ্রমিক আটকা পড়েনি। এর আগেই সবাই বাইরে চলে এসেছেন। ফলে শ্রমিকদের তেমন ক্ষতি হয়নি।’

ফায়ার সার্ভিসের ঢাকা উত্তরের জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জিরাবো ফায়ার স্টেশনে প্রীতি গ্রুপে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। তবে বাইপাইলের যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। পরে ইপিজেড ফায়ার স্টেশনের ইউনিটও ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৭টা ১০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে পাঁচ-ছয়টি কাভার্ডভ্যানে আগুন জ্বলতে দেখা যায়। ভেতরে হতাহত বা লোকজন পাওয়া যায়নি। রাত ৮টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে গ্যাসের উপস্থিতির কারণে গন্ধ পাওয়া যাচ্ছে। কাভার্ডভ্যান ও এলপিজি সিলিন্ডারগুলো ঠান্ডা করার কাজ চলছে। কাভার্ডভ্যানের ভেতরে থাকা এলপিজি সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে মোট চারটি ইউনিট কাজ করেছে। এর মধ্যে বর্তমানে দুটি ইউনিট এবং জিরাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট রয়েছে। কাভার্ডভ্যানের ভেতরে সিলিন্ডার এনে ব্যবহার করা নিরাপদ কি না, সেটিও খতিয়ে দেখা হবে। শ্রমিকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, সিলিন্ডারগুলো ভ্যান থেকে বের করে ব্যবহার করা হতো।’

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের আনা হয়েছে। বিস্ফোরণটি বয়লার নাকি সিলিন্ডার থেকে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভেতরে প্রচণ্ড আগুন থাকায় উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি পর্যবেক্ষণের পর হতাহতের সঠিক সংখ্যা জানানো হবে।’

/এএম/ 
সম্পর্কিত
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
সর্বশেষ খবর
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার