সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয় ট্রাক কাঁচা মরিচ প্রবেশ করেছে। রবিবার (২ জুলাই) দুপুরে এই মরিচ বন্দরে প্রবেশ করে।
ছয় ট্রাকে ৬০ টনের মতো কাঁচা মরিচ রয়েছে বলে জানা গেছে। তবে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা ও ইটাগাছা হাট ঘুরে দেখা গেছে, এখনও কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতি টন কাঁচা মরিচের এলসি মূল্য ৪৫০ মার্কিন ডলার (৪৮ হাজার ৫০০ টাকা)। সেই হিসেবে প্রতি কেজি মরিচের দাম পড়েছে প্রায় ৫০ টাকা। দেশে এ মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি সম্ভব।
ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন যদি ৩০/৪০ ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে ঢোকে, এমনভাবে দেশের অন্যান্য বন্দর দিয়েও ঢুকবে। ফলে এক সপ্তাহের মধ্যে দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আসবে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, দেশীয় বাজারে পণ্যটির দাম এবার স্থিতিশীল হবে বলে মনে করা হচ্ছে। পাঁচ দিন বন্ধ থাকার পর রবিবার ছয় ট্রাক মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে। আগামীকাল থেকে প্রতিদিন ২০/২৫ ট্রাক ঢুকবে। তখন বাজারে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে।
তবে স্থলবন্দরের অপর একটি সূত্রের দাবি, শুল্ক কর্মকর্তাদের অনুপস্থিতি ও সার্ভার জটিলতায় দুপুর আড়াইটা পর্যন্ত পণ্যটি ট্রাক খালাসের অনুমতি মেলেনি।
এদিকে, শহরের পুরান সাতক্ষীরা হাটখোলা বাজারের কাঁচামাল ব্যবসায়ী গোলাম রসুল বলেন, ৫০০ টাকা কেজি কিনেছিলাম ৬০০ টাকা কেজি বিক্রি করছি। শুনেছি ভোমরা বন্দর দিয়ে কাঁচা মরিচ প্রবেশ করেছে, আগামীকাল থেকে দাম কমে যাবে।
শহরের ইটগাছা হাটের কাঁচামাল ব্যবসায়ী হাসেম আলী বলেন, সাড়ে ৪০০ টাকা কেজি দরে কিনেছি, ৫০০-তে বিক্রি করছি। আগামীকাল থেকে দাম কমে যাবে শুনছি। যে দামে কিনবো কিছু লাভ রেখে বিক্রি করে দেবো।








