যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন তিনটি জিনিসের ওপর বেশি নির্ভরশীল। একটি হচ্ছে আমাদের কৃষি খাত। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আরেকটি হলো রফতানি আয়, যার একটি বড় অংশ আসে তৈরি পোশাক রফতানি থেকে। এ ক্ষেত্রেও আমাদের শ্রমিক ভাইবোনদের অবদান রয়েছে। আর একটি হচ্ছে রেমিট্যান্স, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে। সেখানেও আমাদের শ্রমিক ভাইবোনেরা পরিশ্রম করেন, কাজ করে অর্থ উপার্জন করেন। অর্থাৎ, বাংলাদেশের অর্থনীতিতে বড় বেশি ভূমিকা রেখেছেন দেশের কৃষক ও শ্রমিক ভাইবোনেরা।’
‘সেই শ্রমিকদের সংগঠনের মাধ্যমে আজকে সংবর্ধনা পেয়ে নিজেকে গৌরবান্বিত মনে হচ্ছে’ উল্লেখ করেন কাজী নাবিল আহমেদ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব শহীদ চত্বরে বিশাল এই সংবর্ধনার আয়োজন করে যশোর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। কাজী নাবিল আহমেদ পর পর তিনবার যশোর-৩ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তারা এই সংবর্ধনার আয়োজন করেন।
সেখানে কাজী নাবিল আহমেদ বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে উচ্চ আসনে আসীন। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর পর চারবার এবং মোট পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বিএনপির ভোট বর্জনের সেই আন্দোলন সাধারণ মানুষ প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিয়েছেন। গত এক মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে বার্তা আসছে। তারা শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে এসব বার্তা দিচ্ছেন। তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার এবং সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করছেন। বিভিন্ন রাষ্ট্রপ্রধান আর আন্তর্জাতিক সংস্থা এসব বার্তা দিচ্ছেন। কারণ আমাদের দেশ এখন সারা বিশ্বে উজ্জ্বল অবস্থানে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করা হচ্ছে।’
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিকদের নানা সমস্যার কথা তুলে ধরে এই সংসদ বলেন, ‘আমি জানি আপনারা নানান বাধার সম্মুখীন হচ্ছেন, নানান সমস্যার কারণে আপনাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। আমি যশোরের জেলা প্রশাসক, মেয়রসহ যেসব কর্তৃপক্ষ আছেন, তাদের সঙ্গে আলাপ করে দেখবো কী উপায়ে আপনাদের কাজ করার সুযোগ করে দেওয়া যায়। যাতে নিয়মও রক্ষা হলো আবার আপনাদের পেশাও রক্ষা করা গেলো।’
এই কাজ খুব সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে। এখানে রাজনৈতিক নেতাদের আর প্রশাসনের সহযোগিতাও লাগবে। কেননা, তাদেরও অনেক পর্যবেক্ষণ রয়েছে।’
ব্যাটারিচালিত বাহনের নানান জটিলতার কথা উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘এই বাহনের কারণে নানান রকম দুর্ঘটনা ঘটে, মানুষের মৃত্যুও হয়। সবার চেষ্টা থাকবে কীভাবে সতর্কতা অবলম্বন করে এই হার কমিয়ে আনা যায়। দীর্ঘদিনের এই সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। আমাদের ধৈর্য ধরতে হবে। এ বিষয়ে আমরা ক্রমাগত আলাপ করে যাবো, যাতে একটা সুষ্ঠু সমাধানের পথে পৌঁছাতে পারি।’
সংগঠনের সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম কয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জবেদ আলী, পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদি হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এরপর তাকে উদ্দেশ করে মানপত্র পাঠ করা হয়।








