কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সীমানাপ্রাচীরের বাইরে থেকে কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সম্মেলন লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সম্মেলন চলছিল। বেলা ২টার দিকে সীমানাপ্রাচীরের বাইরে থেকে সম্মেলন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দুর্বৃত্তরা। প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা এসে গুলি ছুড়ে আবার ওই দিক দিয়ে পালিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন পাউবো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ‘বেলা ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় প্রাঙ্গণে সম্মেলন লক্ষ্য গুলি করে পালিয়ে যায়। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা আমরা বলতে পারছি না।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’







