মাজারের পুকুরে ফিরতে ছটফট করছে কুমিরটি, ১৯ দিন কিছু খায়নি

খুলনা প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ০৯:২৯ আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:৩৮

মানুষ ও কুমিরের নিরাপত্তা নিশ্চিত হলে বাগেরহাটের সেই কুমির আবার ফিরতে পারে খানজাহান আলীর মাজারের দীঘিতে। মাজার কমিটিকে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় ডিএফও নির্মল কুমার পাল এ কথা বলেছেন।

তিনি বলেন, মাজার কমিটির সিদ্ধান্তেই আমরা কুমির ধরে খুলনায় এনে রেসকিউ সেন্টারে রেখেছি। এখানে গত ১৯ দিন ধরে কুমিরটি কোনও খাবার গ্রহণ করেনি। ১৯ দিন অভুক্ত থাকা কুমিরের জন্য স্বাভাবিক। এ প্রাণীর থাকা আরও দীর্ঘ হয়ে থাকে। খুলনা রেসকিউ সেন্টারে আগেও পাঁচটি কুমির রাখা হয়েছিল। সেগুলোও এমন অভুক্ত ছিল। মানুষকে যেমন শরীরের তাপমাত্রা ঠিক রাখতে নিয়মিত খাবার গ্রহণ করতে হয়। সরীসৃপ জাতীয় প্রাণীর তাপমাত্রা খাবার থেকে নয়, পরিবেশ থেকে নিয়ন্ত্রিত হয়। তাই এদের খাবার নিয়মিত হওয়া জরুরি নয়।

জানা গেছে, গত ১ জুন সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলী মাজারের দীঘিতে ফাতেমা নামের এক শিশুকে টেনে নিয়ে যায় কুমিরটি। এরপর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন ২ জুন ভোরে ফাতেমার লাশ উদ্ধার হয়। এরপর মাজার কমিটি আলোচনা করে কুমিরটিকে দীঘি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মাজার কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের অনুরোধে গত ৩ জুন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অনেক চেষ্টার পর কুমিরটিকে ধরে খুলনার রেসকিউ সেন্টারে নিয়ে আসে। নতুন পরিবেশে এসে গত ১৯ দিন ধরে অভুক্ত রয়েছে কুমিরটি।

নির্মল কুমার পাল বলেন, মানুষ এবং কুমির উভয়ের নিরাপত্তাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কুমিরটি মাঝেমধ্যেই দীঘি থেকে লোকালয়ে চলে যেতো। এতে মানুষের ওপর আক্রমণের সম্ভাবনা তৈরি হয়, তেমনি ক্ষুব্ধ জনতা কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলার শঙ্কাও সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, মাজার কমিটি যদি আগামী এক-দুই মাসের মধ্যে উভয়পক্ষের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের জানায়- তবে কুমিরটি ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবো।

তিনি জানান, মিঠা পানির এই কুমিরটি অত্যন্ত মোটা (ফ্যাটি)। এর দৈর্ঘ্য প্রায় ৭ থেকে ৮ ফুট এবং ওজন আনুমানিক ৫০০ থেকে ৬০০ কেজি। বয়স প্রায় ৫০ বছর। অতিরিক্ত চর্বির কারণে প্রজননক্ষম হলেও এর কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

এ কর্মকর্তা বলেন, বর্তমানে কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। সরীসৃপ প্রাণী হওয়ায় এটি পানি ও ডাঙা উভয়স্থানে চলাফেরা করলেও অতিরিক্ত মোটা হওয়ার কারণে মাটিতে বেশি হাঁটতে পারছে না। তবে বন্দিদশা থেকে মুক্ত হয়ে কুমিরটি তার চেনা ও বৃহত্তর পরিবেশে ফেরার জন্য ছটফট করছে এবং প্রায়ই খাঁচার গেটে গিয়ে ধাক্কা দিচ্ছে।

নির্মল কুমার জানান, সরীসৃপ প্রাণী একবার খেলে দীর্ঘদিন না খেয়ে থাকতে পারে। বাগেরহাট থেকে খুলনায় আনার পর থেকে এখন পর্যন্ত কুমিরটি কিছুই মুখে তোলেনি। তাকে খাওয়ানোর জন্য মুরগি ও সহজে শিকারের সুবিধার্থে পানিতে হাঁস বেঁধে দেওয়া হলেও সে তা খাচ্ছে না। এমনকি খাঁচায় দেওয়া মুরগি শিকার করে মেরে ফেললেও তা সাবাড় করেনি কুমিরটি। খাবার না খেলেও কুমিরটির সুরক্ষায় কোনও কমতি রাখছে না বন বিভাগ। অ্যানিমেল কিপার ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউটরা বাঘের মতো করেই অত্যন্ত সতর্কতার সঙ্গে এর সেবা-যত্ন করছে। কুমিরটির থাকার পানি প্রতিদিন পরিবর্তন করা হচ্ছে এবং গরম লাগলে তার শরীরে ফ্রেশ পানি স্প্রে করা হচ্ছে।

সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, কুমিরটি বাগেরহাট প্রশাসনের অনুরোধে মাজার থেকে সরাতে বন বিভাগ প্রয়োজনীয় সাপোর্ট দিয়েছে। যা এখন খুলনার রেসকিউ সেন্টারে রয়েছে। প্রশাসন দ্রুততম সময়ে পরবর্তী সিদ্ধান্ত না নিলে মিষ্টি পানির কুমির সংরক্ষণে সাফারি পার্কে স্থানান্তর করা হতে পারে।

উল্লেখ্য, খানজাহান আলী মাজারের দীঘিতে একসময় ঐতিহ্যবাহী ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে দুটি বিখ্যাত কুমির ছিল। সেগুলো মারা যাওয়ার পর ভারতের মাদ্রাজ (চেন্নাই) থেকে কয়েকটি মিঠা পানির কুমির এনে দীঘিতে ছাড়া হয়। তবে নিজেদের মধ্যে মারামারি করে বেশ কয়েকটি কুমির মারা যাওয়ার পর কেবল এই একটি কুমিরই বেঁচে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কংক্রিটের শহরেও বেঁচে থাকুক বন্যপ্রকৃতি
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, নিয়োগ দেবে ম্যানেজার
দুর্লভ তুষারচিতাবাঘের আবাসে ভ্রমণ, বিশ্বে চতুর্থ লাদাখ
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!