চট্টগ্রামের চাঁদগাঁও থানার চুরি মামলার চার জনকে খুলনার আড়ংঘাটা থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৯ জুলাই) ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি হওয়া এক্সকাভেটর উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো, ইকবাল হোসেন (৩৫), ওয়াহিদ (২৫), ইকরাম হোসেন (৪৬) ও আব্দুর শুকুর (৩২)।
র্যাব ৬ এর অধিনায়ক লে কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং র্যাব-৭, স্পেশাল কোম্পানির যৌথ আভিযানিক দল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার বকুলতলা মোড় সংলগ্ন মীনা বাড়ী ও শামীমের পাটের গোডাউন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই চার জনকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।









