গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে খুলনায় পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় একদল লোক। রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে মহানগরীর কেসিসি মার্কেটের সামনে তাকে মারধর করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) লাভলী পাল। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আবেদ আলী শুকতাইল ইউনিয়নের মৃত আকরাম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক চেয়ারম্যান আবেদ আলী কেসিসি মার্কেট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল লোক তাকে ঘিরে ধরে মারধর করেন। দুপুর দেড়টার দিকে তাকে সদর থানায় নিয়ে যায় ওসব লোক। তবে সাবেক চেয়ারম্যান আবেদ আলী সেখানে কেন গিয়েছেন, তা নিশ্চিত করে কেউ জানাতে পারেননি।
সদর থানার এসআই লাভলী পাল বলেন, ‘দুপুরে শতাধিক লোকজন আবেদ আলীকে ধরে থানায় নিয়ে আসেন। এরপর থানা হেফাজতে নেওয়া হয়। তখন তিনি জানিয়েছেন শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমরা তাকে হেফাজতে রেখেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা তার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।’