বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি এবিএম ফজলুল করিম বলেছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ না করা হলে প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে সরকারকে তা করতে বাধ্য করা হবে।
একই সঙ্গে আগামী দিনের বাংলাদেশকে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক: বৈশ্বিক প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম ফজলুল করিম বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর। সেই বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক অর্থনীতি ও কর্মবাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকেও যুগোপযোগী করতে হবে। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সেমিনারে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের এমপি কামরুল হাসান মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।