করোনার গণটিকা দেওয়া কর্মসূচির দ্বিতীয় দিনে রাজশাহীতে ছিল সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এদিন রাজশাহী জেলা শহরসহ বিভাগের আট জেলায় ৫ হাজার ৬৪২ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী বিভাগে ৫ হাজার ৬৪২ জন দ্বিতীয় দিনে টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৫৬২ ও নারী ১ হাজার ৮০ জন। রাজশাহী জেলায় টিকা নিয়েছেন ৭৩৯ জন। এরমধ্যে পুরুষ ৫৬৮ জন ও নারী ১৭১ জন। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় নিয়েছেন ৪৪৮ জন। এরমধ্যে পুরুষ ৩৪৭ জন ও নারী ১০১ জন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলায় টিকা নিয়েছেন ২১১ জন। এরমধ্যে পুরুষ ১৮৪ ও নারী ২৭ জন। নাটোর জেলায় নিয়েছেন ৪১৬। এরমধ্যে পুরুষ ২৮৭ ও নারী ১২৯ জন। নওগাঁ জেলায় টিকা নিয়েছেন ১ হাজার ২৪০ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৫৩ জন ও নারী ১৮৭ জন। পাবনা জেলায় টিকা নিয়েছেন ৩৪০। এরমধ্যে পুরুষ ২৬৭ ও নারী ৭৩ জন। সিরাজগঞ্জ জেলায় নিয়েছেন ৬৮২ জন। এরমধ্যে পুরুষ ৫৪৬ জন ও নারী ১৩৬ জন। বগুড়া জেলায় টিকা নিয়েছেন ৮৫৭ জন। এরমধ্যে পুরুষ ৬৮১ জন ও নারী ১৭৬ জন। জয়পুরহাট জেলায় নিয়েছেন ৭০৯ জন। এরমধ্যে পুরুষ ৬২৯ ও নারী ৮০ জন।
এদিকে দ্বিতীয় দিনে মোট ৭ জনের মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। এরমধ্যে রয়েছেন নওগাঁর ৫ জন এবং বগুড়া ও জয়পুরহাটে একজন করে।
এই বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, অন্য টিকা দেওয়ার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সামান্য জ্বর, ব্যথা, কাঁপুনি ইত্যাদি লক্ষণ দেখা যায়। টিকা প্রদানের দ্বিতীয় দিনে ৭ জনের মধ্যে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক্ষেত্রে সাতজন ব্যক্তির মধ্যে ব্যথার লক্ষণটা পাওয়া গেছে। তবে সবাই সুস্থ আছেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগে প্রথম দিনে (রবিবার, ৭ ফেব্রুয়ারি) ৩ হাজার ৭৫৭ জনকে টিকা প্রদান করা হয়েছে।
এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল কেন্দ্রের চারটি বুথ থেকে দেড় ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ১৮৫ জন। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মোট ১৮৫ জন করোনার টিকা নেন। দ্বিতীয় দিনে করোনার টিকা নিতে সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। এদের মধ্যে এক বৃদ্ধ নারী হুইল চেয়ারে করেই করোনার ভ্যাকসিন নিতে এসেছিলেন বলে জানান রামেক হাসপাতালের বুথে থাকা স্বাস্থ্যকর্মী নিউটন।
ভ্যাকসিন নেওয়া রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. পার্থ মণি ভট্টাচার্য জানান, টিকা নিয়েছি, কোনও সমস্যা হয়নি। এই টিকা আমাদের হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সুন্দর ভাবে আনন্দঘন পরিবেশে নিচ্ছেন।
টিকা নিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। তিনি জানান, টিকা নিতে গিয়ে কোওন সমস্যা হচ্ছে না। সকলের টিকা নেওয়া উচিত।
রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহ মুহাম্মদ জাকির হোসেন জানান, টিকা নিয়েছি, খুব ভালো লাগছে। রবিবার আমাদের পরিচিত অনেকে টিকা নিয়েছে, আজও (সোমবার) অনেকে টিকা গ্রহণ করেছেন।
রাজশাহীতে প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। সোমবার দুপুর পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন ৯ হাজারের অধিক মানুষ।
রাজশাহী জেলা সিভিল সার্জন কাইয়ুম তালুকদার জানান, নিবন্ধন সংখ্যা বাড়ার কারণে নগরীতে আরও বুথের সংখ্যা বাড়ানো হবে মঙ্গলবার থেকে। এজন্য রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ কাজ করছে।









