রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘গত দেড় বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একজনকে ছাত্রপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে, যাকে আমি মানসিক ভারসাম্যহীন মনে করি। তিনি পলিসি মেকিংয়ে মনোযোগ না দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা একসময় রুখে দাঁড়াবে, তখন পালানোর পথও খুঁজে পাবে না।’
রবিবার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই স্মরণ প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় নাছির উদ্দীন বলেন, ‘গোপন রাজনীতির মাধ্যমে দেশের প্রকাশ্য রাজনীতিকে কলুষিত করার চেষ্টা চলছে। গত কয়েকদিন ধরে হবিগঞ্জ ও সিলেট অঞ্চলে ছাত্রদলের নাম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা সমালোচনা করা হচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও কিছু মানুষের কর্মকাণ্ড সেটিকে অভিশাপে পরিণত করছে।’
তিনি বলেন, ‘নাসরিন ভুট্টো বাংলাদেশ ও এ দেশের রাজনীতিবিদদের নিয়ে যেসব তীর্যক ও অসার মন্তব্য করছেন, তার তীব্র নিন্দা জানাই। তার এসব বক্তব্যের পাল্টা জবাব দেওয়াও ছাত্রদলের জন্য সমীচীন নয়। একইভাবে, গণঅভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে অশুভ রাজনীতির উত্থান ঘটছে, তা কোনোভাবেই কাম্য নয়।’
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজশাহী মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








