রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভী বলেন, রাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্ব না থাকলে দীর্ঘ ৩৫ বছর এ নির্বাচন বন্ধ থাকতো না। কিছু মানুষের অদৃশ্য স্বার্থের কারণেই নির্বাচন আটকে রাখা হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, রাকসু সচল থাকলে ক্যাম্পাসে জবাবদিহি তৈরি হয়। শিক্ষার্থীরা সচেতন থাকলে কেউ স্বৈরাচারী মনোভাব দেখানোর সাহস পায় না। ছাত্রজীবন থেকেই যাতে নেতৃত্ব বিকশিত হতে না পারে, সে কারণেই রাকসু বা ডাকসুর মতো ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রাখার চেষ্টা চলছে।
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, রাকসুর নির্বাচনী তফসিল ঘোষণার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রশাসন কেন কালক্ষেপণ করছে কিংবা কোন অজানা ভয়ে তফসিল ঘোষণা করছে না, তার জবাব প্রশাসনই ভালো দিতে পারবে।
তিনি বলেন, রাকসু ও সিনেট অধিবেশন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। রাকসুর মেয়াদ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। রাকসু সফল হয়েছে কি না, সেটি বড় বিষয় নয়; বরং এটি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের একটি প্ল্যাটফর্ম।
সালাহউদ্দিন আম্মার আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদী কাঠামো থেকে বেরিয়ে এসে ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। ছাত্র সংসদগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। তাই অনতিবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিল্পকলার ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাকিম বলেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন আশানুরূপ না হলেও শিক্ষার্থীরা নিজেদের আবেগ, মতামত ও অধিকারের কথা প্রকাশের জন্য অন্তত রাকসু ভবনে যাওয়ার একটি জায়গা পেয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ পরিবেশ বিরাজ করলেও রাকসুর কার্যক্রম বুঝিয়ে দেওয়া হচ্ছে না কেন, তা তাদের বোধগম্য নয়।
তিনি আরও বলেন, প্রশাসনকে বারবার নোটিশ দিয়েও কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। কোনও ওপর মহলের চাপ কিংবা অন্য কোনও কারণে রাকসুর কার্যক্রম আটকে রাখা হয়েছে কি না, তা প্রশাসনের কাছে জানতে চান তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই, আদু, যদু, মধু ভাই; তারা কি আর রাকসু চায়? এবং প্রশাসনের কালক্ষেপণ, মানবে না শিক্ষাঙ্গন।