জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার মামলার তদন্তে নাম আসার পর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু হাসনাত হিমেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু হাসনাত হিমেল (৩৩) ওই গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পৌর যুবলীগের দফতর সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন।
ওই ঘটনায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। মামলাটির তদন্ত করতে গিয়ে আবু হাসনাত হিমেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১১ নভেম্বরের ওই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে আরও কেউ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার হিমেলকে জিজ্ঞাসাবাদ ও মামলার অন্য বিষয়ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।
আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ১১ নভেম্বরের নাশকতার মামলার তদন্তে আবু হাসনাত হিমেলের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।