শাবিতে অনশনের ১৫০ ঘণ্টা, হাসপাতালে ১৯

সিলেট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৯:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯:৪৪

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এখনও উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। অনশন ও অবস্থান কর্মসূচিসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের দাবিতে অনড় শিক্ষার্থীরা। টানা ছয় দিনেরও বেশি সময় (প্রায় ১৫০ ঘণ্টা) ধরে চলা অনশনে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ও কয়েকজন অনশনস্থলেই চিকিৎসা নিচ্ছেন। তবু অনশন ভাঙেননি একজনও। আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে শুরু থেকেই অবস্থান নিয়ে আছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অভিযোগ উঠেছে, আন্দোলনরতদের জন্য শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতেন, সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এতে বিচলিত নন শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অনশন পালন করছেন ৯ শিক্ষার্থী। সেই সঙ্গে অনশন পালন করতে গিয়ে অসুস্থ হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৯ শিক্ষার্থী।

অনশনস্থলে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি চিকিৎসক দল। ওই দলের চিকিৎসক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘অনশন করতে গিয়ে অনেক শিক্ষার্থীরই প্রেসার বেশি-কম হওয়ার পাশাপাশি শরীরের গ্লুকোজ কমে গেছে। আমরা আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সার্বিক সেবা দিয়ে যাচ্ছি। যাদের শরীর বেশি খারাপ হচ্ছে, তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান

আন্দোলনকারী শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি না মেনে নেওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে। আমরা চাই ব্যর্থ উপাচার্যের পদত্যাগ। তিনি আমাদের অভিভাবকতুল্য হলেও কোনও সহযোগিতা পাইনি। বরং আমাদের পুলিশ দিয়ে মারধর করেছে। এ আন্দোলনে বহিরাগতদের কোনও সম্পৃক্ততা নেই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

তিনি দাবি করেন, ‘শুরুর দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অসুস্থ শিক্ষার্থীদের জন্য আর্থিক সহযোগিতা করেছেন। এখন সেই পথও বন্ধ করে দেওয়া হয়েছে। তবু আমরা আমাদের দাবি থেকে সরে আসবো না।’

আন্দোলনকারী এই শিক্ষার্থী জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে করা অনশনরত ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে অনশন চালিয়ে যাচ্ছেন ৯ শিক্ষার্থী। তারাও অসুস্থ হয়ে পড়েছেন এবং অনশনস্থলেই চিকিৎসা নিচ্ছেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনরতদের জন্য ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ইস্টার্ন ব্যাংকের একটি অ্যাকাউন্ট, তিনটি বিকাশ, একটি রকেট ও একটি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আসতো। প্রতিদিন সব মিলিয়ে লাখের মতো টাকা আসতো। সেই টাকা থেকে শিক্ষার্থীদের খাবার ও আন্দোলনের সব খরচ করা হতো। সোমবার থেকে সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তারা প্রাথমিকভাবে বিকাশসহ নগদ ও রকেটের কল সেন্টারে যোগাযোগ করলেও কোনও সদুত্তর পাননি।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘আমাদের আর্থিক লেনদেনের সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো আমাদের আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র বলে আমি মনে করি। তবে এসব করে কোনও লাভ হবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো এবং সফল হবো।’

সিলেট মহানগর উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী বলেন, ‘উপাচার্যের বাসভবনসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম