সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে বাগবিতণ্ডা ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের নবীনবরণকে কেন্দ্র করে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি অবস্থান করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে একে অন্যের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় যানবাহন আটকে সিলেট সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও গোবিন্দগঞ্জ পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, নবীনবরণ অনুষ্ঠান নিয়ে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতকর্মীদের মধ্যে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা ছিল। আজ দুই পক্ষ একই সময় নবীনদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে বেশ কয়েকজন পথচারী আঘাত পান।
ছাতক থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানবাহন চলাচল স্বাভাবিক করে।









