ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৭ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৭

দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ জন শিক্ষার্থীকে ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়েছে। ২০২৬ সালের মে-জুন সেশনে ও লেভেল, আইজিসিএসই, ইন্টারন্যাশনাল জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাদের এ পুরস্কার দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

ব্রিটিশ কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেমব্রিজ ইন্টারন্যাশনাল ও পিয়ারসন এডএক্সেলের অধীন ও লেভেল, আইজিসিএসই ও ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় ৯টি বা তার বেশি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় পাঁচটি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও লেভেল ও আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। প্রত্যেকে পেয়েছে ২৫ হাজার টাকা। এ লেভেলের সাত শিক্ষার্থীকে বিশেষ উপহার ভাউচার দিয়েছে অনুষ্ঠানের ট্রাভেল পার্টনার গোযায়ান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান বলেন, স্কলার্স অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়েছিল ২২ জন শিক্ষার্থীকে নিয়ে। এ বছর সেই সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার মানসিকতা এবং পার্টনার স্কুলগুলোর সক্ষমতার পরিচয় পাওয়া যায় এই অগ্রগতিতে।

তিনি বলেন, ব্রিটিশ কাউন্সিলের দায়িত্ব শুধু সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করা নয়; মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সুযোগ তৈরি করে এমন কমিউনিটি গড়ে তোলাও তাদের দায়িত্ব।

সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার বলেন, তরুণ শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের অংশ হতে পেরে তারা আনন্দিত। শিক্ষার্থীদের মেধার যথাযথ স্বীকৃতি দেওয়া এবং পড়াশোনায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগানোই তাদের উদ্দেশ্য।

গোযায়ান লিমিটেডের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা আবসার জেবা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিশ্রমই তাদের সামনে এগিয়ে নেবে। বড় স্বপ্ন দেখা এবং নিজেদের সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ বলেন, ৯টি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জন অসাধারণ কৃতিত্ব। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায় ও জানার আগ্রহের পরিচয় পাওয়া যায়। এই অর্জনকে পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের জানার আগ্রহ ধরে রাখা এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক স্কুলপ্রধান, শিক্ষক, অভিভাবক এবং ব্রিটিশ কাউন্সিলের ২০০ পার্টনার স্কুলের প্রতিনিধিরা অংশ নেন। যুক্তরাজ্যের বিভিন্ন পরীক্ষা বোর্ডের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, হলের বাইরে ৭১ শতাংশ শিক্ষার্থী
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, বলার দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
রাকসু বন্ধ হলে ক্যাম্পাসে ফিরবে ‘সিট বাণিজ্যের রাজনীতি’, শিক্ষার্থীদের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
পুরুষকে ঘিরে ঈর্ষা-দ্বন্দ্ব: যুক্তরা‌জ্যে বাড়‌ছে নারীর হাতে নারী খু‌ন
পুরুষকে ঘিরে ঈর্ষা-দ্বন্দ্ব: যুক্তরা‌জ্যে বাড়‌ছে নারীর হাতে নারী খু‌ন
দেশের হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন
দেশের হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা