ফোনে গেম ও ভিডিও দেখতে ঘণ্টার পর ঘণ্টা একই ভঙ্গিতে থাকতেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শাকিলা। একসময় তীব্র ঘাড়ের সমস্যায় ভুগে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। খরচ হয়েছে ৩ লাখ রুপি।
ইউটিউবে নিজের ভ্লগে শাকিলা জানান, বিছানায় কাত হয়ে একটানা চার ঘণ্টা পর্যন্ত ফোনে গেম খেলতেন তিনি। মাঝে শুধু চা বা কফি খেতে উঠতেন। এরপর আবার একই গেম খেলতেন। পরে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ও রিলস দেখতেন।
শাকিলা জানান, দীর্ঘ সময় ফোন ব্যবহার ও ভুল ভঙ্গির কারণে তার ঘাড়ে গুরুতর সমস্যা দেখা দেয়। ব্যথা এতটাই বেড়ে যায় যে অস্ত্রোপচার করতে হয়। অস্ত্রোপচারের সময় ঘাড়ে টাইটানিয়ামের একটি স্ক্রু ব্যবহার করা হয় বলেও জানান তিনি।
চেন্নাইয়ের মেডওয়ে হাসপাতালে অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সময় চিকিৎসক তাকে নেক কলার ব্যবহারের পরামর্শ দেন। ওই সময় বিছানা থেকে ওঠা এমনকি খাওয়ার জন্যও অন্যের সাহায্য প্রয়োজন হতো বলে জানান শাকিলা।
তিনি বলেন, ফোন খুবই উপকারী একটি জিনিস, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করবেন না।
বিশেষ করে অভিভাবকদের সতর্ক করে শাকিলা বলেন, শুধু প্রয়োজনীয় কাজে ফোন ব্যবহার করুন। অপ্রয়োজনীয় ভিডিও, এমনকি আমার ভিডিওও দেখবেন না। শুধু দরকারি ভিডিও দেখুন।
হাসতে হাসতে নিজের অভিজ্ঞতার কথা বললেও তিনি সতর্ক করে বলেন, তা না হলে ৩ লাখ রুপি হারাবেন এবং অসহ্য ব্যথাও সহ্য করতে হবে।
চেন্নাইয়ে জন্ম নেওয়া শাকিলা ১৯৯০-এর দশকে অভিনয় শুরু করেন। ১৯৯৫ সালের তামিল ছবি ‘প্লেগার্লস’ দিয়ে তার অভিনয়ে অভিষেক হয়। ২০০০ সালের মালয়ালম ছবি ‘কিন্নারা থুম্বিকাল’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ২০০২ সালে তিনি মূলধারার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
সূত্র: ইন্ডিয়া টুডে









