বিয়ের মাত্র ৫ মাসের মধ্যে সোমবার (৩১ আগস্ট) বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। গত মার্চে এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি যৌথ বিবৃতির মাধ্যমে আলাদা হয়ে যাওয়ার বিষয়টি জানান।
ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশা লেখেন, আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজেদের নিজস্ব পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সময়ে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি।
তিনি আরও যোগ করেন, আমাদের পক্ষ থেকে এই বিষয়ে এটিই একমাত্র মন্তব্য। এই বিষয়ে আর কোনও ধরনের জল্পনা-কল্পনা বা অনুমান না করার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি।
জুলাই মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাদশা এবং ইশা রিখির সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়াতে শুরু করে।
জুলাইয়ে ইশা রিখি নিজের এবং বাদশার বেশ কিছু ভিডিও ও ছবির একটি সংকলন (মন্টাজ) শেয়ার করেছিলেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, প্রতিটি ঝড়ই এক একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই একটি আশা। এর সাথে একটি ভাঙা হৃদয়ের ইমোজি ও হাতজোড় করা ইমোজি যুক্ত থাকায় নেটিজেনদের মনে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।
সম্প্রতি ইশার মা পুনম রিখিও ‘কর্মফল’ নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেন।
এর আগে জুন মাসে ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে ইশা রিখি বাদশার সঙ্গে তার বিয়ের খবরটি নিশ্চিত করেছিলেন।
উল্লেখ্য, সলমান খান পরিচালিত আগামী ‘বিগ বস ২০’-এ ইশা রিখি প্রতিযোগী হিসেবে যোগ দিতে পারেন— এমন গুঞ্জনের মধ্যেই তাদের এই বিচ্ছেদের খবরটি সামনে এলো।
এর আগে বাদশা জেসমিন মসিহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। জেসমিন ও বাদশার এক কন্যাসন্তান রয়েছে, যার জন্ম ২০১৭ সালের জানুয়ারিতে।









