নিজের উপার্জনের টাকায় কেনা রেঞ্জ রোভার ইভোক গাড়িটি কীভাবে কিনলেন, এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে দক্ষিণী অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মীকে। তবে সমালোচকদের কড়া জবাব দিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সম্পূর্ণ নিজের কষ্টার্জিত টাকা দিয়েই গাড়িটি কিনেছেন তিনি।
সম্প্রতি ‘আশা’ সিনেমার প্রচারণায় সঞ্চালক রঞ্জিনী হরিদাসের সঙ্গে কথোপকথনে এক কঠিন সময়ের কথা স্মরণ করেন ঐশ্বরিয়া। সম্পর্কের টানাপোড়েন ও ব্রেকআপের পর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে সেই দিনের স্মৃতিচারণ করে ঐশ্বরিয়া বলেন, ২০২৪ সালে নিজের কষ্টার্জিত টাকায় গাড়িটি কিনেছিলাম। ব্রেকআপের পর এটি এমন এক সময় ছিল যখন নিজেকে নতুন করে গুছাচ্ছিলাম। সময়টা খুবই খারাপ ছিল এবং সেই সময়ে কিছু প্রজেক্ট থেকেও সরে দাঁড়িয়েছিলাম। কেবল বন্ধুরা এই বিষয়টি জানত। তাই সুস্মিতা সেনের ডায়মন্ড রিংয়ের মতোই নিজেকে একটা বিশেষ উপহার দিতে চেয়েছিলাম। গাড়ি ভালোবাসায় ট্রাইবেকা ব্লু রঙের একটি রেঞ্জ রোভার ইভোক উপহার দিই।
ভালোবাসা দিবসে নিজের জন্য এই উপহার কেনা নিয়ে ঐশ্বরিয়া আরও বলেন, ১৪ ফেব্রুয়ারিতেই গাড়িটির ডেলিভারি চেয়েছিলাম ভালোবাসা দিবসের উপহার হিসেবে। ফলে কেউ আমার সঙ্গে ডেট করতে চাইলে জেনে রাখুন, এটি আমি নিজেই নিজেকে উপহার দিয়েছি এবং এটিই আমার স্ট্যান্ডার্ড।
তবে গাড়ি কেনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর শুরু হয় ট্রোলিং। অনেকেই প্রশ্ন তোলেন, তিনি কীভাবে এত দামি গাড়ি কিনতে পারলেন। এমনকি কেউ উপহার দিয়েছে কি না, সে প্রশ্নও তোলা হয়। ঐশ্বরিয়া জানান, শুটিংয়ের সেটে একজন সরাসরি তাকে জিজ্ঞেস করেছিলেন গাড়িটি কেউ উপহার দিয়েছে কি না। এতে অবাক হয়ে ঐশ্বরিয়া ভাবেন, এত দামি উপহার দেওয়ার মতো কেউ থাকলে তিনি কেন এই সিনেমায় কাজ করবেন! তবে নেতিবাচক কমেন্ট তাকে প্রভাবিত করেনি, কারণ এটি ছিল তার ব্যক্তিগত জয়।
এর আগে, ২০২৩ সালে ‘কিং অব কোঠা’ সিনেমাটি ব্যবসা করতে না পারায় ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। এর সঙ্গে যোগ হয়েছিল ব্যক্তিগত জীবনের ব্রেকআপ। কোচিন শহরের রাস্তায় রেঞ্জ রোভার ইভোকের আনুমানিক অন-রোড দাম প্রায় ৮২ দশমিক ৭৮ লাখ রুপি এবং তার মালিকানায় থাকা মার্সিডিজ-বেঞ্জ জিএলসি ২২০ডি গাড়ির দাম প্রায় ৯৮ দশমিক ১৭ লাখ রুপি। সব বিতর্ক সামলে সুস্মিতা সেনের মতোই নিজেকে আত্মনির্ভরশীল ও নিজের যত্ন নেওয়ার এক বড় মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করছেন এই অভিনেত্রী।
সূত্র: এনডিটিভি

৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ





