বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি’র লোগোযুক্ত পণ্য কেনা, বিক্রি করা ও পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফতোয়া দিয়েছে লিবিয়ার সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ দার আল-ইফতা। তাদের দাবি, ব্র্যান্ডটি ইসলামবিরোধী ও বহুদেববাদ প্রচার করে।
ফতোয়া অনুযায়ী, নাইকি কোম্পানির নামকরণ করা হয়েছে গ্রিক বিজয়ের দেবী ‘নাইকি’-র নামানুসারে এবং ব্র্যান্ডটির লোগো ওই দেবীর ডানার আকৃতি থেকে অনুপ্রাণিত। লিবিয়ার সর্বোচ্চ ইসলামি আইনবিদ সাদিক আল-ঘারিয়ানি এই ফতোয়ার অনুমোদন দিয়েছেন।
এছাড়া সংস্থাটি দাবি করে, নাইকি ইসরায়েলকে সমর্থন করে এবং যেসব কোম্পানি ইসরায়েলকে সমর্থন করে, তাদের সবাইকে বয়কট করা উচিত। তবে এই ধার্মিক আদেশের বিষয়ে নাইকি কোনও মন্তব্য করেনি।
লিবিয়ায় নাইকির নিজস্ব কোনও শো-রুম না থাকলেও স্থানীয় দোকানে ও খুচরা বিক্রেতাদের কাছে এর পোশাক ও নকল পণ্য সহজলভ্য। দার আল-ইফতার বিশাল প্রভাব থাকলেও এই ফতোয়ার কোনও আইনি ভিত্তি বা সরকারি বাধ্যবাধকতা নেই।
গত বছর ফরাসি বিলাস সামগ্রীর ব্র্যান্ড ভান ক্লিফ অ্যান্ড আর্পেলস-এর চার পাতার ক্লোভার লোগোটিকে খ্রিস্টধর্মের সঙ্গে সম্পৃক্ত দাবি করে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল সংস্থাটি। ২০২৫ সালে দেশটিতে র্যাপ গান, থিয়েটার ও নাচ পরিবেশনার ওপর দেওয়া নিষেধাজ্ঞা সমগ্র লিবিয়ায় প্রসারিত করার পর এই ফতোয়া এলো, যা সেখানে ধর্মীয় রক্ষণশীলতা বৃদ্ধির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: উইয়ন নিউজ
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কুকুর পার্ল, কত ছোট জানেন?
লস অ্যাঞ্জেলেসের প্রথম এশীয়-আমেরিকান মেয়র নিত্য রমন