ন্যাটোভুক্ত দেশগুলোতে রাশিয়া আক্রমণ করতে পারে, ইউরোপীয় নেতাদের এমন আশঙ্কাকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন এবং এমন কোনও সমস্যা নেই।
ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর অধীনে যৌথ প্রতিরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষা করা হবে কি না এবং মস্কো ন্যাটোর সামরিক দৃঢ়তা পরীক্ষা করতে পারে কি না, তা নিয়ে ইউরোপীয় নেতাদের গভীর উদ্বেগের মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করলেন।
এর আগে মঙ্গলবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ গোপনে মস্কো সফর করেন এবং রুশ গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, র্যাটক্লিফের এই সফরের মূল উদ্দেশ্য ছিল ন্যাটোভুক্ত কোনও দেশে হামলা না চালাতে মস্কোকে সতর্ক করা।
তবে এসব খবর অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি জানান, র্যাটক্লিফ রাশিয়াকে এমন কোনও বার্তা দেননি। এই সফরকে ‘সাধারণ ও নিয়মিত দাফতরিক কাজ’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, র্যাটক্লিফ প্রতি ৬ মাস বা এক বছরে একবার রুশ গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। সেখানে বিশেষ কোনও বার্তা ছিল না এবং অস্বাভাবিক কিছুই ঘটেনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও ট্রাম্প পুনর্ব্যক্ত করে বলেন, তারা (রাশিয়া) ন্যাটোর ভূখণ্ডে হামলা চালাবে না।
রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিনও র্যাটক্লিফের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কাজের একটি স্বাভাবিক অংশ ছিল এবং ব্যতিক্রমী কিছু ঘটেনি। বৈঠকে সাধারণ গোয়েন্দা বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
সম্প্রতি রুমানিয়া ও পোল্যান্ডসহ একাধিক ন্যাটো সদস্য দেশের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি রুশ ড্রোন ভূপাতিত করা হয়, যা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানায়, ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করে যুক্তরাজ্য ও ফ্রান্স আগুন নিয়ে খেলছে। এর জবাবে ইউক্রেনের ভেতরে ও বাইরে যুক্তরাজ্যের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে মস্কো।

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, যা বললো কানাডা
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ এখনও প্রায় দেড় হাজার







