যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিশাল পরাজয়ের ঠিক একদিন পর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের আকস্মিক পদত্যাগ আলোড়ন সৃষ্টি করেছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ পদে থাকা নারী কর্মকর্তাদের বিদায়ের তালিকা আরও দীর্ঘ হলো।
দ্বিতীয় মেয়াদের শুরুতে ৮০ বছর বয়সী এই রিপাবলিকান প্রেসিডেন্ট গর্ব করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেকোনও রিপাবলিকান প্রেসিডেন্টের চেয়ে তার কেবিনেটে সবচেয়ে বেশি নারী কর্মকর্তা রয়েছেন। সে সময় ২০টিরও বেশি শীর্ষ পদের মধ্যে ৮টিতে নারী ছিলেন। তবে ১৮ মাস পর সে সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনে। বর্তমানে কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স, শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকম্যাহন এবং ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান কেলি লোফলার পদে বহাল আছেন।
চলতি বছরের বসন্তের তিন মাসেই অর্ধেক নারী কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। প্রথমে বাদ পড়েন হোমল্যান্ড সিকিউরিটির অ্যাটর্নি ক্রিস্টি নোয়েম। এরপর অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি, শ্রমমন্ত্রী লরি চাভেজ-ডেরিমার এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করতে বাধ্য হন। সর্বশেষে মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর পদ ছাড়লেন ওয়াইলস।
ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ এক প্রতিক্রিয়ায় বলেন, ট্রাম্পের কেবল নারী মন্ত্রীদের বরখাস্ত করার সক্ষমতা আছে বলে মনে হয়। ট্রাম্প প্রশাসনে পুরুষ হলে অপকর্মের পুরষ্কার মেলে।
কলোরাডো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক কারিন ভাসবি অ্যান্ডারসন বলেন, ট্রাম্প এমন নারীদের নিয়োগ দেন যাদের কারণে তাকে দেখতে ভালো দেখায়। আর যখন তা হয় না, তারা বাদ পড়েন। তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধকে সবাই বিপর্যয় বললেও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ট্রাম্প ঠিকই সমর্থন দিয়ে যাচ্ছেন। এমনকি অন্যান্য অভিযোগ সত্ত্বেও স্টিফেন মিলার বা কাশ প্যাটেলদের মতো পুরুষদের পদে বহাল রাখা হয়েছে। মাইক ওয়াল্টজকে পদ থেকে সরানোর পর আবার জাতিসংঘে রাষ্ট্রদূত করা হয়।
যেখানেই কোনও নারী বাদ পড়েছেন, সেখানেই কোনও পুরুষকে স্থলাভিষিক্ত করা হয়েছে। যেমন প্যাম বন্ডির জায়গায় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চ এবং প্রথম নারী চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের জায়গায় কট্টরপন্থি স্টিফেন মিলারকে আনা হয়েছে। অন্যদিকে আগস্টের শেষে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট পদ ছাড়ার পর ট্রাম্প ইউএফসি প্রধান ড্যানা হোয়াইটকে প্রস্তাব দিলেও তিনি রাজনীতিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
সূত্র: এএফপি
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী