মাঝ-আকাশে এক যাত্রীর উড়োজাহাজের দরজা খোলার চেষ্টাকে কেন্দ্র করে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। ক্রু ও সহযাত্রীদের সঙ্গে ধস্তাধস্তির পর ওই যাত্রীকে কাবু করা হয়।
ফক্স নিউজকে আমেরিকান এয়ারলাইন্স জানায়, সান ডিয়েগো থেকে শিকাগোগামী ‘ফ্লাইট ১৪৯৪’ এক উচ্ছৃঙ্খল যাত্রীর কারণে গতিপথ পরিবর্তন করে ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি।
ফিনিক্স পুলিশ জানায়, ওই যাত্রী নিজের নির্ধারিত আসন ছেড়ে উড়োজাহাজের সামনের দিকে চলে যান। আসনে ফিরে যাওয়ার জন্য ক্রুদের বারবার দেওয়া নির্দেশ অমান্য করে তিনি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন। রাত ১টার দিকে ফিনিক্সে নিরাপদে অবতরণের আগপর্যন্ত ক্রু ও অন্য যাত্রীরা তাকে আটকে রাখেন। এতে ওই যাত্রী সামান্য আহত হলেও অন্য কোনও যাত্রী বা ক্রুর ক্ষতি হয়নি।
এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ফ্লাইট অ্যাটেনডেন্ট ও সহযাত্রীরা ধস্তাধস্তির একপর্যায়ে তাকে মেঝেতে চেপে ধরেন। ফ্লাইটে থাকা শন বেনেট ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন, কেউ একজন উড়োজাহাজটি ছিনতাই করার চেষ্টা করেছিল। আমরা ফিনিক্সে জরুরি অবতরণ করেছি। কয়েকজন শক্তিশালী বীর তাকে কাবু করেছেন। আমরা নিরাপদ আছি।
এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানায়, এক উচ্ছৃঙ্খল যাত্রীর কারণে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১৪৯৪ ফিনিক্সে অবতরণ করে। অবতরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উড়োজাহাজে আসে এবং ওই যাত্রীকে নামিয়ে নিতে সহায়তা করে, এরপর ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
ফিনিক্স পুলিশ জানায়, ওই যাত্রীকে গ্রেফতার করা হয়নি। তবে সিবিএস নিউজের তথ্যমতে, এফবিআইকে বিষয়টি জানানো হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
মন্দিরে ২০৬ কোটির স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি
মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা