পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, প্রদেশটির খুজদার শহরের কাছে কম্পনটি অনুভূত হয়।
ইউএসজিএস জানায়, ভূকম্পনের উৎপত্তিস্থল খুজদার শহর থেকে ৪৮ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। এ বছরের ফেব্রুয়ারিতেও বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল খুজদার শহর থেকে ৮৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
কম্পনে বেলুচিস্তানের ঝাল মাগসি, জাফরাবাদ ও নাসিরাবাদে ঝাঁকুনি অনুভূত হয়। পাশের সিন্ধু প্রদেশের সুক্কুর, কাম্বার, শাহদাদকোট ও দাদু জেলাসহ বেশ কয়েকটি জেলাতেও কম্পন টের পাওয়া গেছে।
পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ২০০৫ সালে, যাতে ৭৪ হাজারেরও বেশি মানুষ নিহত হন। বিশেষজ্ঞদের মতে, আরব, ইউরেশীয় ও ভারতীয়, এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে পাকিস্তানে প্রায়ই কম্পন অনুভূত হয়। এ প্লেটগুলো দেশটিতে পাঁচটি ভূকম্পন অঞ্চল তৈরি করেছে।
সূত্র: দ্য হিন্দু
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮