বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী কয়েক দিনের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ আশঙ্কায় ভারতের পূর্ব উপকূলজুড়ে সতর্কতামূলক প্রস্তুতি জোরদার করেছে দেশটির কোস্ট গার্ড। সম্ভাব্য দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ঠেকাতে জাহাজ ও উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল নিম্নচাপটি। এ সময় এটি শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে প্রায় ৬৩০ কিলোমিটার পূর্বে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরম থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে ৮৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ছিল।
এ ছাড়া অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং ওডিশার গোপালপুর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এটি।
পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৬ নভেম্বর দক্ষিণ ও তৎসংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে এবং ১৭ নভেম্বর মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপরের দুই দিনে এটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে।
সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, তাদের জাহাজ ও উড়োজাহাজকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উপকূলীয় রাডার স্টেশনগুলো আবহাওয়াব্যবস্থার গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সমুদ্রে থাকা জেলে, বাণিজ্যিক জাহাজ ও অন্যান্য নৌযানকে সময়মতো সতর্ক করতে টহল জোরদার করা হয়েছে।
চেন্নাইসহ বিভিন্ন স্থানে কোস্ট গার্ডের রিমোট অপারেটিং স্টেশনগুলো ভিএইচএফ চ্যানেলের মাধ্যমে আঞ্চলিক ভাষায় আবহাওয়ার সতর্কবার্তা ও নিরাপত্তা পরামর্শ প্রচার করছে। নোঙর করা জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। প্রয়োজনীয় আগাম ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকেও পরিস্থিতি সম্পর্কে অবহিত রাখা হচ্ছে।
তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ সাড়াদানকারী দল গঠন করেছে কোস্ট গার্ড। প্রয়োজন হলে দ্রুত এসব দল মোতায়েন ও অতিরিক্ত সহায়তা পাঠানো হবে।
এ ছাড়া স্বল্প সময়ের নোটিশে অনুসন্ধান ও উদ্ধার, লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার কার্যক্রম পরিচালনার জন্য জাহাজ ও উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝোক মোকাবিলায় স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ এবং সামুদ্রিক খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ভারতীয় কোস্ট গার্ড।
সূত্র: উইয়ন নিউজ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত