ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যস্থতা আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার (১০ এপ্রিল) যাত্রাপথে তিনি তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনার টেবিলে ইরান যেন যুক্তরাষ্ট্রকে নিয়ে কোনও ধরনের ‘খেলা’ না খেলে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
ইসলামাবাদের পথে এয়ারফোর্স টু-তে ওঠার সময় ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা আলোচনার দিকে তাকিয়ে আছি। আমার মনে হয় এটি ইতিবাচক হবে। তবে শেষ পর্যন্ত কী হয় তা আমরা দেখবো।
দীর্ঘদিন ধরেই বিদেশি সামরিক হস্তক্ষেপের বিষয়ে সন্দিহান এবং অনির্দিষ্টকালের যুদ্ধে সেনা পাঠানোর বিপক্ষে সোচ্চার থাকা জেডি ভ্যান্স এই গুরুত্বপূর্ণ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাব পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইরান যদি সরল বিশ্বাসে আলোচনায় রাজি থাকে, তবে আমরাও অবশ্যই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো।
তবে একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কিন্তু তারা যদি আমাদের নিয়ে প্রতারণা করতে চায়, তবে দেখবে যে এই আলোচক দলটি তাদের প্রতি মোটেও সহানুভূতিশীল নয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে বিশ্বস্ত এবং এই যুদ্ধের বিষয়ে বরাবরই অনাগ্রহী সদস্য জেডি ভ্যান্সকে ছয় সপ্তাহ আগে শুরু হওয়া এই সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার দায়িত্ব দিয়েছেন। মূলত ইরানের ‘পুরো সভ্যতা’ নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ট্রাম্পের নজিরবিহীন হুমকি থেকে পরিস্থিতিকে ফিরিয়ে আনাই এখন ভ্যান্সের প্রধান লক্ষ্য।









