ইরানের পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে যুক্তরাষ্ট্রকে শক্তি বা হুমকি প্রয়োগের থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই।
বৃহস্পতিবারের বৈঠকে সুন লেই বলেন, মধ্যপ্রাচ্যে বারবার সংঘাতের কারণে ইরানসহ এ অঞ্চলের জনগণ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। একই সঙ্গে এর প্রভাব ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সুন লেই বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে শক্তি প্রয়োগের হুমকি পরিহার করে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক বাস্তবায়ন পুনরায় শুরু করতে হবে। একই সঙ্গে ইরানের পরমাণু ইস্যুকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়া, আলোচনার সময় দুবার ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ এবং তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করেছে।
চীনা প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রকে আর শক্তি প্রয়োগ না করার স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে এবং ইরানের সঙ্গে আন্তরিক আলোচনায় বসতে হবে।
তিনি জানান, চীন সবসময় শান্তি ও সংলাপের পক্ষে। ইরান পরমাণু চুক্তির অংশীদার ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন রাজনৈতিক সমাধান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাবে।
সূত্র: সিএমজি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের







