গাজা সিটির রেমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) ভোরে বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় কোনও সতর্কতা ছাড়াই আল-আসালা ভবনে হামলাটি চালানো হয়। আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের জানান, অ্যাপার্টমেন্টটিতে তিনটি হামলা চালানো হয়েছে। এতে ভবনটির কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।
আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চার জন নারী ছিলেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিস্টান নারী ও তার মেয়েও ছিলেন।
নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। এ সময় আকাশে ইসরায়েলি ড্রোনের উড়তে দেখা গেছে।
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প