সৌদি আরবে অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ায় এক কেনিয়ান মাকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে।সৌদি শরিয়া আইনব্যবস্থায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক ফৌজদারি অপরাধ। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এর শিকার হন অনুপাতে বেশি নারী। তারা এই শাস্তিকে সহিংসতার কাজ বলে নিন্দা জানিয়েছে।
সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও মানবাধিকার সংগঠনগুলো বলছে, কেনিয়ান এই মায়ের ঘটনা প্রকাশ্যে এসেছে কারণ তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালগুলো অবিবাহিত নারীর সন্তান জন্মের ঘটনা কর্তৃপক্ষকে জানাতে বাধ্য। উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ডু বোল্ড-এর প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভা বলেন, তাদের বেশির ভাগই বাড়িতে সন্তান জন্ম দেয়, তাই তাদের কথা জানানো হয় না।
এস্থার ওয়ানজা মুথোনি সৌদি আরবে গৃহকর্মী ও শিশুর দেখভালকারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। জানা গেছে, এক মিসরীয় পুরুষের সঙ্গে স্বল্পকালীন সম্পর্কের সময় তিনি গর্ভবতী হন। তার ভাষ্য, শিশুর বাবা এরপর দেশ ছেড়ে চলে গেছেন।
২০২৪ সালে গার্ডিয়ানের এক অনুসন্ধানে দেখা গেছে, বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের দায়ে গ্রেফতারের ভয়ে অনেক কেনিয়ান একক মাকে সন্তানের বাবারা ফেলে গেছেন। গত মাসে দেওয়া রায়ের পর মুথোনি নিউইয়র্ক টাইমসকে বলেন, বেত্রাঘাত সইতে পারবেন কি না, তা নিয়ে তিনি আতঙ্কিত। তিনি বলেন, আমি এটির যোগ্য নই।
নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতাবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার রিম আলসালেমের সৌদি আরব সফর গত সপ্তাহে স্থগিত হওয়ার মধ্যেই এ ঘটনা সামনে এল। আলসালেম বলেন, সফরে তিনি নির্দিষ্ট কিছু ঘটনা তুলতে চেয়েছিলেন। সফর শিগগির না হলে আমি আদেশধারী হিসেবে আমাদের প্রতিষ্ঠিত মাধ্যমে আলাদাভাবে তা তুলব।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আলকিস্ত-এর ভারপ্রাপ্ত পরিচালক মারিয়াম আলদোসারি বলেন, এই রায় সহিংসতার কাজ এবং নারীকে শাস্তি না দিয়ে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত ছিল। তিনি বলেন, এটি তথাকথিত সৌদি সংস্কারের ভণ্ডামি দেখায়। আমরা জানি, এমবিএস (ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান) বিশ্বকে দেখাতে চাইছেন, সৌদি আরব এক আধুনিক দেশ হয়ে উঠছে যা নারীর ক্ষমতায়ন করছে। অথচ আদালত একজন মাকে ১০০ বেত্রাঘাতের সাজা দিচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
কঙ্গোতে প্রাদুর্ভাব ছড়াচ্ছে ইবোলা, আক্রান্ত ছাড়ালো ১১ হাজার