দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পি-৪৭ থান্ডারবোল্ট নামের একটি বিমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং নিউ জার্সির মধ্যবর্তী হাডসন নদীতে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২৭ মে) রাতে জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে ২ মাইল দক্ষিণে বিমানটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। এখনও বিমান বিধ্বস্তের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে হাডসন নদীতে এক মরদেহ পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, মরদেহটি ওই বিমানের পাইলটের।
আমেরিকান এয়ারপাওয়ার মিউজিয়ামের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমানগুলোর। এ উপলক্ষে একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিতে নিউ ইয়র্কের পূর্বাঞ্চলে অবস্থিত ফার্মিংড্যালের একটি বিমানঘাঁটি থেকে সেই সময়কার তিনটি বিমান উড্ডয়ন করেছিল। এর মধ্যে পি-৪৭ থান্ডারবোল্ট বিধ্বস্ত হয়। অন্য বিমান দুটি প্রয়োজনীয় ফটোগ্রাফ ও ভিডিও ধারণ শেষে নিরাপদে বিমানঘাঁটিতে ফিরে আসে।
ফ্লোরিডা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিন ঘণ্টারও বেশি সময় ধরে হাডসন নদীতে অভিযান চালিয়ে উইলিয়াম জর্ডন (৫৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। ধারণা করা হচ্ছে, তিনি ওই বিমানের পাইলট ছিলেন।
বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, পি-৪৭ থান্ডারবোল্ট বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। ওই মডেলের বিমানে শুধু একটি আসন থাকত। মার্কিন সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। তবে ইঞ্জিন বিকল হয়ে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি।
আরও পড়ুন:
আপাতত উমর-অনির্বাণদের সাজা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
এগিয়ে আসছে আইএস, পালানোর রাস্তা খুঁজছেন লক্ষাধিক সিরীয়
১৫০ বিজ্ঞানীর দাবি প্রত্যাখ্যান, অলিম্পিক ব্রাজিলেই
/এসএ/বিএ/








