ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের অংশ হিসেবে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইকের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার মার্কিন সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পক্ষে গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে কাও জানান, লিংকনের মোতায়েন শুরুর পর স্ট্রাইক গ্রুপজুড়ে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এর মধ্যে লিংকনের নাবিকদের পাশাপাশি ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সহায়ক ডেস্ট্রয়ার এবং বিমান স্কোয়াড্রনের সদস্যরাও রয়েছেন।
আব্রাহাম লিংকনের নাবিকেরা ২৮৬ দিন সমুদ্রে থাকার পর গত ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের একটি পর্যটন শহরে জাহাজ থেকে নামেন। মে মাসে তাদের মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও যুদ্ধের পরিস্থিতি অব্যাহত থাকায় তা বাড়ানো হয়েছিল।
আগস্টে দুটি সংবাদপত্র নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে একাধিক নাবিকের জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে আসে। এরপর জাহাজের পরিস্থিতি তদন্তের দাবি জানান ডেমোক্র্যাটরা।
কাও জানান, মার্চে এক নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে আটকান। আগস্টে আরেক নাবিক সাগরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য জাহাজ থেকে অন্যত্র স্থানান্তর করা হয়।
আগস্টে এমএস নাও লিংকনের গোসলখানায় ছত্রাক, খাবার ও সাবানের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতিসহ বিভিন্ন অভিযোগ প্রকাশ করে। কাও জানান, এক পর্যায়ে খাবারের প্রধান পদ দুটির পরিবর্তে একটি করা হয়েছিল। তার ভাষ্য, দীর্ঘ সময় মোতায়েন থাকার সক্ষমতা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রতিদিন পুষ্টিসম্পন্ন চারটি খাবার পরিবেশন করা হয়েছে বলেও জানান তিনি।
নাবিকদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কিছুটা বিলম্বের কথাও স্বীকার করেছেন কাও। লিংকনের নাবিকদের মনোবল কমে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এসব প্রতিবেদনকে ছোট করে দেখেন। আগস্টে সাংবাদিকদের তিনি বলেন, সংবাদমাধ্যম পরিস্থিতিকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করেছে। প্রতিটি জাহাজ, নাবিক ও অধিনায়ককে প্রয়োজনীয় সবকিছু দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে গিলিব্র্যান্ড অভিযোগ করেন, ট্রাম্প ও হেগসেথ যে খবরগুলোকে ‘ভুয়া সংবাদ’ বলে উড়িয়ে দিয়েছিলেন, সেগুলোতেই মার্কিন সেনাসদস্যদের গুরুতর ও অবনতিশীল পরিস্থিতির বিষয়টি উঠে এসেছে। নৌবাহিনীর এক কর্মকর্তা বুধবার বলেন, নাবিকদের স্বাস্থ্য, কল্যাণ ও মনোবল নিয়ে নৌবাহিনী ও নৌবাহিনী সচিব অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রগামী নিখোঁজ এফ-৩৫ যন্ত্রাংশ উদ্ধার হংকংয়ে, জব্দ করলো চীন
নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট







