ডা. সংযুক্তা সাহার কারণেই আজ এই অবস্থা: সেন্ট্রাল হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৬:১৬আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:১০

নবজাতকসহ না ফেরার দেশে পাড়ি জমানো মাহবুবা রহমান আঁখির চিকিৎসায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে তার মৃত্যুর ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করা হয়েছে। হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. এটিএম নজরুল ইসলাম বলেন, ‘গাফিলতির প্রথমেই আছেন হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহা। তার কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে।’

সোমবার (১৯ জুন) দুপুরে সেন্ট্রাল হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। 

নজরুল ইসলাম জানান, ‘আঁখির চিকিৎসায় অবশ্যই গাফিলতি ছিল। প্রথমত এই গাফিলতি ছিল ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের। কারণ, সে সময় তারা সিনিয়র চিকিৎসকদের ডাকেননি। যদিও তারা বলছেন—ফোনে পাওয়া যায়নি, দেরি করে এসেছেন।’

নজরুল ইসলাম বলেন, ‘আমরা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। ইতোমধ্যে পাঁচ দিন চলে গেছে, আর বাকি আছে দুই দিন। আশা করছি এই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে।’

হাসপাতালের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তদন্ত কার্যক্রম তো এখনও শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই আমরা একটা অ্যাকশনে যাবো।’

তিনি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার যে সংযুক্তা সাহার কারণেই আজ এই ঘটনা ঘটলো। উনি একসঙ্গে এত বেশি রোগী দেখেন...। শুরু থেকে যদি ক্লিয়ার করে দেওয়া হতো, তাহলে হয়তো রোগী তার অধীনে ভর্তি হতো না। আমাদের আরও কনসালটেন্ট ছিলেন, অথবা রোগীরা অন্য কোথাও যেতেন। ফল্ট তা তো তার (ডা. সংযুক্তা) কারণেই হয়েছে।’ 

ডা. সংযুক্তা সাহা ওইদিন হাসপাতালে থাকবেন না, সেটি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাননি বলে দাবি করেন ডা. এটিএম নজরুল ইসলাম। তিনি আরও বলেন, ‘আমরা যদি জানতাম তিনি কর্মস্থলে নেই, তাহলে তার রোগীদের জন্য আমরা বিকল্প চিকিৎসকের ব্যবস্থা রাখতাম। কিন্তু তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই দেশের বাইরে চলে গেছেন। সুতরাং আমরা মনে করি এ ঘটনাটি তার জন্যই ঘটেছে। এমনকি যারা রোগীদের ইনফরমেশন দিয়েছেন, তারা হাসপাতালের স্টাফ নন। তারা সংযুক্তা সাহার পারসোনাল অ্যাসিস্ট্যান্ট, সুতরাং এর দায় সম্পূর্ণ সংযুক্তা সাহার।’

একজন চিকিৎসকের পক্ষে প্রতিদিন দেড়শ’ থেকে দুইশ’ রোগী দেখা আসলে কতটা সম্ভব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে মানসম্পন্ন সেবা দিতে গেলে একজন চিকিৎসকের দৈনিক এত রোগী দেখা সম্ভব নয়। কিন্তু সংযুক্তা সাহা দেখতেন, কী বলবো আর এটি নিয়ে।’

হাসপাতাল প্রশাসন কি তাহলে এ বিষয়গুলো এতদিন জানতো না— এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। ডাক্তারের কাছে এলে চিকিৎসা তো মূলত তারাই দেয়। তারপর কোনও একটা ইনসিডেন্ট ঘটলেই সেটা আমাদের কাছে আসে। বাইরের বিষয়গুলোতে আমাদের অবগত করা হয় না। এ জন্যই আমরা এই বিষয়গুলো জানতে পারিনি।’

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের