সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, রংপুর বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগের ১১৫ জন এবং সিলেট বিভাগে ৬ জন আক্রান্ত হয়েছেন।
আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন। এদের মধ্যে ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৪ হাজার ৮৬১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৫২৭ জন।